যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু মন্তব্য ও সিদ্ধান্ত দেশটির ভেতরেই গম্ভীর বিভেদ ও সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে। শুনতে অবাক লাগলেও এটি একটি বাস্তবতা। অনেক বিশ্লেষক মনে করেন, পরিস্থিতি যদি ভয়াবহ রূপ নেয়, তবে তার প্রভাব পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে, যা পশ্চিমা সাম্রাজ্যের স্থিতিশীলতা চূর্ণ করে দিতে পারে।
সবকিছু শুরু হয় ২০১৯ সালে ট্রাম্পের এক অপ্রত্যাশিত প্রস্তাব থেকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে চায়। অনেকেই তখন এটিকে নিছক রসিকতা মনে করেন, কিন্তু ট্রাম্প দৃঢ় থাকেন। ডেনমার্ক যখন সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন ট্রাম্প ক্ষুব্ধ হন।
২০২৪ সালের নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যু আবাবো সবার সামনে নিয়ে আসেন, এবার আরো কঠোর ভাষায়। তিনি বলেছিলেন, প্রয়োজন পড়লে সামরিক বাহিনী পাঠিয়ে গ্রিনল্যান্ড দখল করা হবে। বিষয়টি তখন আর কৌতুক ছিল না বরং আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছিল।
গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও ১৯৫১ সালের একটি সামরিক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে।
এখন পরিস্থিতি জটিল। ট্রাম্প যদি সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুক্তরাষ্ট্রের সেনারা দ্বন্দ্বে পড়বেন। কারণ তারা একই সঙ্গে তাদের প্রেসিডেন্টের নির্দেশ পালন করবেন এবং ১৯৫১ সালের চুক্তি অনুযায়ী সেই অঞ্চল রক্ষা করবেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সেনারা নিজেদের মধ্যেই সংঘাতে জড়াতে পারেন।
এই সংঘাত আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়তে পারে। ডেনমার্ক একা থাকবেন না, তারা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সাহায্য নেবে। তবে যুক্তরাষ্ট্র ন্যাটোর বড় সদস্য হওয়ায় বিষয়টি আরো জটিল হয়ে ওঠে। একই দেশের সেনারা ন্যাটোর মাধ্যমে নিজেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, যা ‘আন্তঃপশ্চিমা সংঘর্ষ’-এর দিকে ইঙ্গিত দেয়।
যদিও এখনো গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবে রূপ নেয়নি, তবু এটি আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। গ্রিনল্যান্ডে বরফ গলতে থাকা, নতুন শিপিং রুট খোলা, খনিজসম্পদ ও কৌশলগত গুরুত্ব বাড়ায় এই অঞ্চল হয়ে উঠেছে ‘হটস্পট’। এতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।
বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের হঠাৎ ও আগ্রাসী সিদ্ধান্ত এই উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে। একসময় শান্ত মনে হওয়া বরফাচ্ছন্ন গ্রিনল্যান্ড আজ বৈশ্বিক ভূরাজনীতির বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যদি যুক্তরাষ্ট্র পুরনো চুক্তি ভেঙে নিজের মধ্যেই সংঘাতে জড়ায়, তাহলে তার প্রভাব সামরিক, কূটনৈতিক ও নীতিগতভাবে ব্যাপক হবে। এটি হবে এক অদ্ভুত যুদ্ধ, যেখানে শত্রু পক্ষও একই পতাকা বহন করবে।

