নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতদের সবাই অপহৃতদের উদ্ধারে যাওয়া স্বেচ্ছাসেবক ছিলেন, যাদের ডাকাত ভেবে ভুল করে বিমান হামলা চালানো হয়। দেশটির সেনাবাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শনিবার জামফারা রাজ্যের মারু জেলার মানি ও ওয়াবি গ্রামে ডাকাতদের তাণ্ডবের পর পাশের মারায়া ও আশপাশের গ্রাম থেকে স্থানীয় লোকজন একত্র হন। তাদের উদ্দেশ্য ছিল ডাকাতদের ধরে অপহৃত ব্যক্তিদের ও লুট হওয়া গবাদিপশু উদ্ধারে সহায়তা করা। কিন্তু সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ঘটনাস্থলে এসে তাদের ডাকাত ভেবে ভুল করে হামলা চালিয়ে দেয়। এতে প্রাণ হারান অন্তত ২০ জন নিরীহ স্বেচ্ছাসেবক।
স্থানীয় বাসিন্দা বুহারি ডাঙ্গুলবি জানিয়েছে, “শনিবার আমরা দুবার বিপর্যয়ের শিকার হই। প্রথমে ডাকাতরা আমাদের অনেক মানুষ ও গরু লুট করে নেয়; পরে যারা তাদের উদ্ধার করতে গিয়েছিল, তারা সেনাবাহিনীর বিমান হামলায় প্রাণ হারায়।“
একই তথ্য নিশ্চিত করেছেন আরও দুই বাসিন্দা- ইশিয়ে কাবিরু ও আলকা তানিমু। তারা জানান, নিহতদের মধ্যে সবাই ছিলেন স্বেচ্ছাসেবক, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে ডাকাতদের ধাওয়া করছিলেন।
নাইজেরিয়ায় গত কয়েক বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী- বিশেষ করে তথাকথিত ‘ডাকাত’ চক্র ও উত্তর-পূর্বাঞ্চলীয় জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে বারবার বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন। জামফারা রাজ্যে এই ধরনের বিমান হামলায় বেসামরিক মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। স্থানীয়দের মতে, এটি ছিল অন্তত তৃতীয় ঘটনা।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অপরাধীদের শক্ত ঘাঁটি গড়ে উঠেছে প্রশাসনিক দুর্বলতা ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়হীনতার কারণে। এসব ডাকাত গোষ্ঠীর মূল লক্ষ্য আদর্শ নয় বরং অর্থনৈতিক লুটপাট ও মুক্তিপণ আদায়।
বিমান হামলায় নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তা বাহিনীর এমন ভুল চিহ্নিত ও প্রতিরোধে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো স্বচ্ছ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

