হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে চীনা শিক্ষার্থী জিয়াং ইউরংয়ের বক্তব্য বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে। তিনি বিভক্ত বিশ্বে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, “একে অন্যকে ভুল প্রমাণ করার পরিবর্তে আমাদের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত।” তবে এই বার্তা যুক্তরাষ্ট্র এবং চীনে সমালোচনার মুখে পড়েছে।
জিয়াংয়ের বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন তিনি অতিরিক্ত আবেগপ্রবণ ছিলেন। মার্কিন ও চীনা নাগরিকদের একাংশ তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন জিয়াংয়ের অভিজাত পারিবারিক পটভূমি চীনা শিক্ষার্থীদের সাধারণ অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে না। এছাড়া মার্কিন কিছু মহল তাঁর এবং হার্ভার্ডের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে হার্ভার্ড সিসিপির সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
অন্যদিকে চীনের সামাজিক মাধ্যমে কেউ কেউ জিয়াংয়ের বাবার এনজিওকে মার্কিন অর্থায়নে পরিচালিত বলে দাবি করেছেন। ওয়েইবোতে একজন মন্তব্য করেছেন জিয়াং তাঁর বাবার পদ-পদবির সুবাদে বৃত্তি পেয়ে বিদেশে পড়াশোনা করেছেন এবং হার্ভার্ডে সুযোগ পেয়েছেন। কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন তাঁর প্রতিভা যুক্তরাষ্ট্রেই থাকা উচিত এবং তিনি চীন থেকে দূরে থাকুন।
জিয়াং ইউরং হার্ভার্ডের সমাবর্তনে বক্তব্য দেওয়া প্রথম চীনা নারী। আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে পড়াশোনা করা জিয়াং তাঁর বক্তব্যে হার্ভার্ডের বৈশ্বিক শ্রেণিকক্ষের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন এই শ্রেণিকক্ষ তাঁকে এবং সহপাঠীদের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শিখতে এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করেছে। তিনি আরও বলেন, “শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিরাও মানুষ। তাদের মানবিক দিকের প্রতি মনোযোগ দিলে আমরা প্রকৃত মানবিকতা অর্জন করতে পারি।”
ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তির এখতিয়ার কেড়ে নেওয়ার নীতি ঘোষণা করলেও মার্কিন সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিয়েছে। বর্তমানে হার্ভার্ডে প্রায় ৬,৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়ছেন যা মোট শিক্ষার্থীর ২৭ শতাংশেরও বেশি। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ চীনা।

