ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের সময় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করেছে। এক সময় ভারতীয় বিমানবাহিনীর গর্বের প্রতীক এই অত্যাধুনিক বিমানের পারফরম্যান্স এখন প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তান দাবি করেছে তাদের জেএফ-১৭ এবং জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ছয়টি বিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি রাফাল এবং বাকি তিনটি হলো একটি এসইউ-৩০ এমকেআই, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০। এই ঘটনা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাফালের যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
রাফালের প্রস্তুতকারক ফরাসি কোম্পানি ডাসাল্ট অ্যাভিয়েশন এই সমালোচনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা দাবি করেছে বিমানগুলোর কারিগরি সক্ষমতায় কোনো ত্রুটি নেই বরং অপারেশনাল ভুল এবং পাইলটদের দক্ষতার ঘাটতি এই দুর্ঘটনার জন্য দায়ী। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান কিছু বিমান হারানোর বিষয়টি স্বীকার করলেও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। তিনি বলেন বিমান হারানোর সংখ্যার চেয়ে এর কারণ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।
ফ্রান্সের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ভারত ডাসাল্টের পর্যবেক্ষণ দলকে রাফাল বহর পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। এতে প্যারিসের উদ্বেগ বেড়েছে। তারা মনে করছে ভারত সম্ভবত বিমানের প্রকৃত ত্রুটি লুকাচ্ছে এবং দায় প্রস্তুতকারকের ওপর চাপাচ্ছে।
এই ঘটনার প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলেও পড়েছে। ইন্দোনেশিয়া- যারা ডাসাল্টের সঙ্গে ৪২টি রাফাল কেনার চুক্তি করেছে, তারা এই বিমানের কার্যকারিতা নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজস্ব অডিট শুরু করেছে। এছাড়া ডাসাল্টের শেয়ার মূল্যে পতন দেখা গেছে যা ভারত-পাকিস্তান সংঘর্ষের পর আরও তীব্র হয়েছে। এই ঘটনা ইউরোপের সামরিক কৌশল পুনর্বিবেচনার জন্যও প্রভাব ফেলছে।

