পবিত্র হজ্ব পালনে লাখ লাখ মানুষের সমাগম এখন পবিত্র মক্কায়। তীব্র গরমে হজ্বযাত্রীদের স্বস্তি দিতে বিশ্বের বৃহত্তম শীতাতপ যন্ত্র বা এসি বসানো হয়েছে মক্কার কাবা চত্বরে। এই এসির সার্বিক সক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন।
এসি বসানো এবং এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কাবা এবং মসজিদে নববি রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কৃর্তৃপক্ষ সংস্থা দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের বৃহত্তম এই শীতাতপ যন্ত্রের দু’টি ইউনিট রয়েছে। প্রথমটির সক্ষমতা ১ লাখ ২০ হাজার টন এবং দ্বিতীয়টির ৩৫ হাজার টন। এই দু’টি ইউনিট স্থাপন করা হবে যথাক্রমে কাবা চত্বরের দুই স্টেশন শামিয়া এবং আজিয়াদে। হজ্বযাত্রী মুসল্লিদের ভিড় এই দু’টি স্টেশনেই বেশি থাকে।
প্রসঙ্গত মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে এখন ভরপুর গ্রীষ্মকাল চলছে। প্রতিদিনই তাপমাত্রা ছাড়াচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনে দেশটিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।
সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, হজ্বের সময় ২৪ ঘণ্টা চালু থাকবে এই শীতাতপ যন্ত্র। এর মূল কাজ থাকবে কাবা চত্বরের অভ্যন্তরে ছাদযুক্ত এলাকাগুলোতে তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। এছাড়া এই যন্ত্রটি শীতল বাতাস নিঃসরণের পাশাপাশি বাতাস ৯৫ শতাংশ পর্যন্ত জীবাণুমুক্ত করতেও দক্ষ। ফলে হজ্বযাত্রীরা যতক্ষণ কাবায় অবস্থান করবেন, গরমের আঁচ সহ্য করতে হবে না তাদেরকে।
ইসলাম ধর্মের প্রধান ৫ ভিত্তির মধ্যে হজ্ব অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ্ব করা ফরজ। এই কারণে প্রতি বছর হজ্বের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এসে মক্কায় পৌঁছান।
চলতি বছর আগামী কাল বুধবার অর্থাৎ ৪ জুন থেকে শুরু হচ্ছে হজ্বের আনুষ্ঠানিকতা। সৌদির সরকারি তথ্য অনুসারে, হজ্ব উপলক্ষে এই পর্যন্ত সৌদিতে এসে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখেরও বেশি মুসল্লি।

