দক্ষিণ কোরিয়ার ২১তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে অভূতপূর্ব উৎসাহ এবং বৈচিত্র্যময় ভোটকেন্দ্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। এবারের নির্বাচনে বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ, গাড়ির শোরুম, ক্যাফে, এমনকি কুস্তি এরিনার মতো অপ্রচলিত স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে- যা ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ১১টা) ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিকেল ৪টায় ভোটার উপস্থিতি ৭১ শতাংশ ছাড়িয়ে যায়, যা রেকর্ড সংখ্যক ভোটার অংশগ্রহণের ইঙ্গিত দেয়। তবে আগাম ভোটের হার কিছুটা কম থাকায় চূড়ান্ত হার ২০২২ সালের ৭৭ শতাংশের তুলনায় কিছুটা কম হতে পারে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী। এটি ২০২২ সালের তুলনায় ১ লাখ ৯৪ হাজার ১৭৯ জন বেশি। দেশের জনসংখ্যা হ্রাস পেলেও বয়স্ক জনগোষ্ঠীর কারণে ভোটার সংখ্যা বেড়েছে। ৫০-এর কোঠায় থাকা ভোটাররা (১৯.৬%) সর্বাধিক, এরপর রয়েছে ৬০-এর কোঠা (১৭.৭%), ৪০-এর কোঠা (১৭.২%) এবং ৭০ বা তার বেশি বয়সীরা (১৫.৪%)।

নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ১৪,২৯৫টি ভোটকেন্দ্রে ২৮ হাজার ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোরীয় ন্যাশনাল পুলিশ এজেন্সি (কেএনপিএ) জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ জরুরি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।
নির্বাচনের ফলাফল রাতে বা পরদিন ভোরে জানা যাবে। এই নির্বাচন প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন ঘোষণা ও তার পরবর্তী অভিশংসনের পটভূমিতে অনুষ্ঠিত হচ্ছে, যা দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

