মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। সিরিয়ার একটি অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ঘটনা ঘটেছে সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ জুন) সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই হামলায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সিরীয় সরকার।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইসরায়েল এই হামলার মাধ্যমে পুরো অঞ্চলকে অস্থির করে তোলার চেষ্টা করছে। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জন্য দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে দায়ী করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হয়ে এক অভিযানে বাশার আল-আসাদের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। এরপর থেকেই সিরিয়ায় ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
ইসরায়েলের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র তাদের খোলা জায়গায় পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও, এর জবাবে পাল্টা আঘাত হানে তারা। তবে ইসরায়েলের হামলায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
সিরিয়ার সরকারি বার্তায় বলা হয়েছে, “এই হামলা শুধু আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর একটি পরিকল্পিত প্রয়াস। সিরিয়া কখনোই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও হবে না।”
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের হামলার পর দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারা অঞ্চলে ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।
উল্লেখ্য, এসব অঞ্চল ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি, যেটি ১৯৭৬ সালে সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় ইসরায়েল। আন্তর্জাতিক আইনে এটি এখনো অবৈধ দখল হিসেবে বিবেচিত।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জানা গেছে, গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছাকাছি বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। তার কথায়, “দামেস্কের দক্ষিণে কোনো বিদেশি বাহিনী মোতায়েন হতে দেওয়া হবে না—এই বার্তাই আমরা দিতে চেয়েছি।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ওই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
মধ্যপ্রাচ্যে এই চলমান উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

