সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারা অঞ্চলে একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে সিরীয় সরকার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার সময় কুনেইত্রা ও দারা এলাকায় তীব্র বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। এলাকাগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি হওয়ায় হামলার কৌশলগত গুরুত্ব রয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “এই হামলার মাধ্যমে ইসরায়েল পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে। এটি আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।”
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য আমরা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাককে দায়ী করব।”
ইসরায়েলের দাবি, সিরিয়া থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র তাদের খোলা জায়গায় পড়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার লক্ষ্য ছিল সিরিয়ার সামরিক অবকাঠামো। এর ফলে অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ ঘটে এবং ওই এলাকার বেশ কিছু কাঠামো ধ্বংস হয়।
উল্লেখ্য ইসরায়েল ১৯৭৬ সালে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয়, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত। অঞ্চলটি বর্তমানে ইসরায়েলের দখলে থাকলেও সেখানে বারবার সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
সিরিয়ার সরকার বলছে, তারা কখনও এই অঞ্চলের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তবে পাল্টা হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা আরও গভীর হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এখন প্রশ্ন উঠেছে- এই উত্তেজনা কেবল সীমিত আকারে থাকবে- নাকি বড় সংঘর্ষে রূপ নেবে।

