রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে এক লাখ ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ সরকার এই প্রতিশ্রুতি দিয়ে জানায়, এটি পূর্বঘোষিত সহায়তার চেয়ে দশ গুণ বড় এবং ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
ড্রোন প্যাকেজটির জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫০ মিলিয়ন পাউন্ড, যা প্রায় ৪৭৩ মিলিয়ন মার্কিন ডলার। নতুন প্রস্তাবিত সহায়তা যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিনির্ভরতা এবং পাল্টা-আক্রমণের কৌশলকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাসেলসে অনুষ্ঠিত ৫০ দেশের সমন্বয়ে গঠিত ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেবেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। এই বৈঠকের যৌথ আয়োজক যুক্তরাজ্য ও জার্মানি।
বৈঠকের আগে এক বিবৃতিতে হিলি বলেন, “যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে। এই বছরই আমরা লক্ষাধিক ড্রোন ও গুরুত্বপূর্ণ আর্টিলারি গোলাবারুদ সরবরাহের বড় মাইলফলক অর্জন করতে যাচ্ছি।” তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- ড্রোনই আগামী যুদ্ধের চালচিত্র নির্ধারণ করবে।
এই ঘোষণার কয়েকদিন আগে যুক্তরাজ্য একটি নতুন কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা (স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ) অনুমোদন করেছে, যেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তিন বছরেরও বেশি সময়ে ড্রোন প্রযুক্তি বিশাল রকমের পরিবর্তন এনেছে যুদ্ধের ধরনে। গোয়েন্দা নজরদারি, নির্ভুল হামলা, রক্ষা ও পাল্টা-আক্রমণে ড্রোনের ব্যবহার যুদ্ধের রণকৌশলকে আমূল বদলে দিয়েছে। যুক্তরাজ্য মনে করছে, এই অভিজ্ঞতাগুলো তাদের নিজেদের প্রতিরক্ষা নীতিতেও প্রভাব ফেলবে।
ড্রোন ছাড়াও যুক্তরাজ্য এ বছরের জানুয়ারি থেকে ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার আর্টিলারি শেল পাঠিয়েছে। সেই সঙ্গে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য বরাদ্দ করেছে অতিরিক্ত ২৪৭ মিলিয়ন পাউন্ড।
বিশ্লেষকরা মনে করছেন, এই ড্রোন সহায়তা কেবল ইউক্রেনের সক্ষমতা বৃদ্ধিই নয় বরং ইউরোপজুড়ে রাশিয়ার প্রভাব প্রতিরোধে পশ্চিমা শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থানকেও আরও দৃঢ় করবে। পাশাপাশি যুদ্ধের দীর্ঘমেয়াদি গতিপথেও পরিবর্তন আনতে পারে এই পদক্ষেপ।
এই সহায়তা রাশিয়ার জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে বলেও ধারণা করা হচ্ছে, বিশেষ করে এমন সময়ে যখন মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে।

