অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। দেইর আল-বালাহ’র আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান জানান খাদ্য ও জরুরি ওষুধের তীব্র ঘাটতির কারণে প্রায় ৫০,০০০ নারী চরম ঝুঁকির মুখে রয়েছেন। গর্ভপাতের হার ছয় গুণ এবং অকাল প্রসবের সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে। ফলে নিওনেটাল ইউনিটগুলো ভেঙে পড়েছে।
ইসরাইলি হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। ২৩টির বেশি হাসপাতাল বন্ধ হয়েছে এবং বাকি হাসপাতালগুলো জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে নামমাত্র কার্যক্রম চালাচ্ছে। এর ফলে ১২,০০০-এর বেশি ক্যানসার রোগী এবং কিডনি রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরাইলি বাহিনী আল-আকসা হাসপাতালের প্রশাসনিক ভবনের ছাদে হামলা চালিয়েছে। এটিকে তারা স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের পরিকল্পিত নীতির অংশ বলে অভিহিত করেছে। আল-শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া রক্তের সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন রক্তের অভাবে প্রতিদিন অনেক রোগী মারা যাচ্ছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানায় উত্তর গাজায় একজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এর আগে হামাসের পালটা আক্রমণে আরও তিন সেনা নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা ৫৪,৬০৭-এ পৌঁছেছে।
এছাড়া পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১৯ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রাজনৈতিক কর্মীও রয়েছেন। এসব ঘটনা গাজা ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গভীর মানবিক সংকট তৈরি করছে।

