রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সাড়ে তিন বছরে দুই দেশের সেনাবাহিনীর প্রায় ১৪ লাখ সদস্য হতাহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ার সেনা সদস্যদের সংখ্যা প্রায় ১০ লাখ, আর ইউক্রেনের প্রায় ৪ লাখ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, রুশ বাহিনীর হতাহত ১০ লাখ সেনার মধ্যে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ, বাকিরা আহত। ইউক্রেনের হতাহত সেনাদের মধ্যে প্রাণ হারিয়েছেন আনুমানিক এক লাখ।
দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন এবং মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার পটভূমিতে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। এর আগেই রুশ সেনারা তিন মাস ধরে সীমান্তে অবস্থান করছিল। অভিযানের শুরুতে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল থাকলেও দ্রুতই যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপের দেশগুলো সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সহায়তা দেয়, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময় এক হাজার কোটি ডলারের বেশি অস্ত্র ও অর্থ সরবরাহ করা হয় ইউক্রেনকে।
তবে বিশাল সহায়তার পরেও ইউক্রেন তার চারটি গুরুত্বপূর্ণ প্রদেশ— দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন হারিয়েছে রাশিয়ার কাছে। এগুলো এখন রাশিয়ার দখলে এবং রাশিয়ার মানচিত্রেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চারটি অঞ্চল ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ।
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর ইউক্রেনে মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধে উদ্যোগ গ্রহণ করেছেন। তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের যৌথ প্রচেষ্টায় বর্তমানে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনায় নতুন আশার সঞ্চার হয়েছে।

