জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটিতে ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি সমর্থন দিলেও একমাত্র যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। ফলে তা অনুমোদন পায়নি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবনায় অবিলম্বে গাজায় সামরিক আগ্রাসন বন্ধ, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির আহ্বান জানানো হয়।
তবে যুক্তরাষ্ট্র বলছে, প্রস্তাবে যুদ্ধবিরতির সঙ্গে জিম্মি মুক্তির বিষয়টি সরাসরি সংযুক্ত নয়। এ কারণে তারা এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ডরোথি শিয়া বলেন, “এই অবস্থান অপ্রত্যাশিত নয়। যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে এসেছে। হামাস যেন আবার হুমকি হয়ে না ওঠে, তা নিশ্চিত করাও আমাদের নীতির অংশ।”
এদিকে ইসরায়েলের টানা হামলায় গাজার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমাবর্ষণে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ত্রাণ প্রবেশে কড়াকড়ি ও অবরোধের কারণে লাখো মানুষ তীব্র মানবিক সংকটে পড়েছে।

