নিঃসন্দেহে ঈদ মানেই আনন্দ—নতুন জামা, সুস্বাদু খাবার, পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে সময় কাটানো। কাল শুক্রবার (৫ জুন) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। অনেকের ঘরে এখন ঈদের প্রস্তুতি চলছে জোরেশোরে। কিন্তু এর মাঝেও এক করুণ বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা।
গাজায় নেই ঈদের আমেজ। নেই আনন্দ, নেই আতর-মিঠাইয়ের গন্ধ। বোমার শব্দ, ধ্বংসস্তূপ, ক্ষুধা আর মৃত্যু—এই এখন তাদের নিত্যদিনের সঙ্গী।
গাজার বাসিন্দা হুসাম আবু আমের এক সময় সন্তানদের নতুন জামা আর খেলনার উপহার দিয়ে ঈদ উদযাপন করতেন। সেই স্মৃতিগুলো আজ কেবলই হাহাকার। দ্য নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে হুসাম বলেন, “আগে ঈদ মানেই ছিল ঘরে ভেড়ার মাংস রান্না, নতুন জামাকাপড় আর পরিবারের সবাই মিলে আনন্দ করা। এখন আমার সন্তানের একমাত্র চাওয়া—এক খণ্ড রুটি। না কোনো মিষ্টি, না খেলনা—শুধু একটু খাবার।”
জেইতুনের বাসিন্দা হুসাম এখন আশ্রয় নিয়েছেন খান ইউনিসের একটি স্কুলে, একটি তাঁবুতে। কারণ, ইসরায়েলি বিমান হামলায় তার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। শুধু ঘর নয়, হারিয়েছেন নিজের অনেক প্রিয়জনকেও। স্মৃতিময় সেই মানুষগুলো এখন কেবল চোখের জলে ধুয়ে নেওয়া কিছু স্মৃতি।
তিনি বলেন, “গত বছর আমার সন্তানদের আশ্বস্ত করেছিলাম—পরের ঈদের আগে সব ঠিক হয়ে যাবে। এখন বুঝি, আমি না জেনে মিথ্যা বলেছিলাম। এ বছর তাদের কিছু বলার মতো ভাষা নেই আমার।”
হুসাম আরও বলেন, “আগে আমি পরিবারকে রক্ষা করতাম, ভালোবাসা দিতাম, দায়িত্ব নিতাম। এখন গল্প বলি—যাতে বাচ্চারা বোমার শব্দে ভয় না পায়, ক্ষুধার কথা ভুলে থাকে।”
এই ৩৭ বছরের বাবা ঈদকে আর উৎসব মনে করতে পারেন না। তার ভাষায়, “ঈদ আমাদের কাছে এখন আর আনন্দ নয়, এটা শুধু মনে করিয়ে দেয়—আমরা কী কী হারিয়েছি।”
যখন বিশ্বের অন্য প্রান্তে ঈদের খুশি, তখন গাজার শিশুরা কাঁদছে ক্ষুধায়। এই বৈষম্য কেবল হৃদয়বিদারকই নয়, তা মানবতার মুখে চপেটাঘাত। ঈদের শুভক্ষণে গাজার মানুষের জন্যও একটুখানি প্রার্থনা হোক আমাদের অন্তরে।

