কর ও ব্যয়ের বিতর্কিত বাজেট বিল নিয়ে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। এক সময়ের মধুর সম্পর্ক এখন রূপ নিয়েছে প্রকাশ্য বাকযুদ্ধে।
গতকাল (৫ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, তিনি মাস্কের উপর “ভীষণ হতাশ”। এক সময় ঘনিষ্ঠ হলেও তাদের সম্পর্ক আর টিকে থাকবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই মাস্ক প্রতিক্রিয়া জানান এক্স (সাবেক টুইটার)-এ। তিনি দাবি করেন, ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে তার সমর্থন ছাড়া জিততে পারতেন না। সঙ্গে যোগ করেন, “ট্রাম্প অকৃতজ্ঞ”— এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই দ্বন্দ্বের প্রভাব পড়ে টেসলার শেয়ারবাজারেও। শেয়ারের দাম পড়ে যায়, বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ।
এই পুরো উত্তেজনার পেছনে মূল কারণ, ট্রাম্প প্রশাসনের নতুন বাজেট বিল— ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। মাস্ক শুরু থেকেই বিলটির সমালোচনায় মুখর। তার ভাষায়, এটি “জঘন্য”, “অর্থনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীন” এবং “ঘাটতি আরও বাড়াবে”। রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে মাত্র এক ভোটে পাস হওয়া বিলটি নিয়ে শুরু থেকেই দ্বিমত ছিল তাদের মধ্যে।
ট্রাম্পের অভিযোগ, মাস্ক বিলটির খুঁটিনাটি সব জানতেন, তবুও শেষ মুহূর্তে এসে তিনি বিপক্ষে দাঁড়িয়েছেন। অন্যদিকে, মাস্ক ট্রাম্পের মন্তব্যকে “ভিত্তিহীন ও মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, কিছুদিন আগেই ট্রাম্প ওভাল অফিসে মাস্ককে বিদায়ী সংবর্ধনা দিয়েছিলেন, কারণ মাস্ক সরে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদ থেকে। সেই বন্ধুত্বপূর্ণ আয়োজনের এক সপ্তাহও পার হয়নি, তার আগেই সামনে এলো এই বিতর্ক, যা এখন ওয়াশিংটনের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ।

