গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ওপর এক সংঘবদ্ধ হামলায় নিহত হয়েছে ৫ জন ইসরায়েলি সেনা। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, শুক্রবার ভোরে এই হামলা চালায় হামাসের যোদ্ধারা। পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে সেনাদের একদম অরক্ষিত অবস্থায় আক্রমণ চালানো হয়।
ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে জানানো হয়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন ধসে পড়ায় পাঁচ সেনা নিহত হন, আহত হন আরও অনেকে।
গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের আনন্দের দিনেও থামেনি হামলা। খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।
এর আগে, ঈদের ঠিক আগের দিন ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন, আহত হয়েছেন ১৮৯ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,২৫,৫৩০ জনেরও বেশি মানুষ। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, প্রকৃত সংখ্যা আরও ভয়াবহ— ৬১,৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যারা সম্ভবত আর জীবিত নেই।

