গাজা সংকট নিয়ে যখন আন্তর্জাতিক উদ্বেগ চরমে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিলেন এক চমকপ্রদ স্বীকারোক্তি। তিনি প্রকাশ্যে জানালেন—গাজার কিছু স্থানীয় ‘সশস্ত্র গোষ্ঠী’কে তার সরকার সরাসরি সমর্থন দিচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “গোয়েন্দা কর্মকর্তাদের পরামর্শে আমরা গাজার কিছু শক্তিশালী গোত্রকে সক্রিয় করেছি।”
এই মন্তব্যই ইসরায়েলের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন তৎপরতার আনুষ্ঠানিক স্বীকৃতি। এতদিন যা নিয়ে কেবল গুঞ্জন চলছিল, সেটি এবার সত্যি বলে প্রমাণিত হলো।
নেতানিয়াহুর এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমগুলো খবর ছড়িয়ে দেয় যে, এসব গোষ্ঠী মূলত অপরাধে জড়িত—ত্রাণ লুট, সাধারণ মানুষকে আক্রমণ, এমনকি ওষুধ পাচারের সঙ্গেও তারা যুক্ত। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বলছে, এই সশস্ত্র গ্রুপগুলো গাজার খাদ্য ও চিকিৎসা সংকটকে আরও ভয়াবহ করে তুলছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে ‘পপুলার ফোর্সেস’ নামের একটি গোষ্ঠী সবচেয়ে আলোচিত। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন ইয়াসের আবু শাবাব, যিনি এক সময়ের স্থানীয় নেতা। খবর অনুযায়ী, ইসরায়েলের নীরব মদদে কাজ করছে এই গোষ্ঠী।
ইসরায়েলি সংবাদপত্র হ্যারেৎজ জানায়, গাজায় প্রায় ১০০ জন সদস্য নিয়ে ‘অ্যান্টি-টেরর সার্ভিস’ নামের একটি বাহিনী গড়ে তোলা হয়েছে। এদের কাজ ত্রাণকেন্দ্র পাহারা দেওয়া হলেও বাস্তবে তারা আরও অনেক কিছু করছে। এদের সহযোগিতা পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।
এই সংগঠনের বিতরণ কেন্দ্রগুলোকেও আঘাত হানতে ছাড়ছে না ইসরায়েলি সেনারা। এক সপ্তাহেই চারবার সেখানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি, যাদের মধ্যে ছিলেন সাংবাদিকও।
সর্বশেষ বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন ফিলিস্তিনি। গাজা শহরের আল-শিফা ও আল-আহলি হাসপাতালে ২১টি এবং খান ইউনিসের নাসের হাসপাতালে ৩১টি মৃতদেহ আনা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি তাঁবু থেকে বেরিয়ে দেখি সাইকেলে চড়া একজন মানুষ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। চারদিকে শুধু রক্ত আর কান্না।”
এই রক্তক্ষয়ী পরিস্থিতিকে জাতিসংঘের সাবেক মুখপাত্র ক্রিস গুনেস তুলনা করেছেন এক ‘মানব জবাইখানা’র সঙ্গে। তার ভাষায়, “মানুষকে খাঁচায় ঢুকিয়ে পশুর মতো হত্যা করা হচ্ছে।”
এই ঘটনায় আন্তর্জাতিক মহলে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জিএইচএফ একদিনের জন্য তাদের কার্যক্রম স্থগিত রাখলেও পরদিন তারা জানায়, আবার রাফাহ এলাকায় দুটি বিতরণ কেন্দ্র খুলছে, যদিও ত্রাণ বিতরণ কখন শুরু হবে, সে বিষয়ে কিছু জানায়নি।
এদিকে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে চাপ। বিরোধীরা বলছে, নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে আগেভাগে কোনও আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী এককভাবে অপরাধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও ক্ষমতা দিয়েছেন—এমন অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো।
অন্যদিকে, হামাস নেতা খালিল আল-হাইয়া জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব তারা পুরোপুরি প্রত্যাখ্যান করেনি। বরং তারা চায় একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা। আলোচনার দরজা এখনও খোলা—এমনটাই জানাচ্ছেন তিনি।
মাঠে পরিস্থিতি যতই জটিল হোক, গাজার মানুষ আজও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তবে নেতানিয়াহুর এই নতুন স্বীকারোক্তি সেই লড়াইকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই—এই সংঘাতের শেষ কোথায়?

