গাজার আকাশে রক্তের ছোঁয়া লেগেছে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও। ঘুম ভাঙলো না অনেকের, যারা আর কখনও চোখ মেলবেন না। শনিবার (৭ জুন) ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ।
আল-জাজিরার প্রতিবেদন বলছে, গাজা শহরের সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের আগে কোনো সতর্কবার্তা ছিল না, বলছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল। তিনি আরও জানান, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮৫ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শরণার্থী হামেদ কেহিল। হৃদয়বিদারক কণ্ঠে তিনি বলেন, “আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। কিছু বুঝে ওঠার আগেই মাথার ওপর ভেঙে পড়ে ভবন। চোখের সামনে দেখি মৃত্যুর মিছিল। ঈদের দিনে এমন ভয়াবহতা আমরা কল্পনাও করিনি।”
তিনি আরও বলেন, “এটাই আমাদের ঈদ। বাচ্চাদের জন্য নতুন জামা বা খেলনার বদলে আমরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করছি। এটাই গাজার বাস্তবতা।”
এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসের পরিস্থিতিও ভয়াবহ। আল-আমাল হাসপাতাল এখন কার্যত ‘অচল’ বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট। ইসরায়েলি বাহিনী আশপাশের এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে স্থানীয়দের সরে যেতে বলেছে, যার ফলে আহতদের সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
গাজাবাসীর কাছে ঈদ এখন শুধুই বেঁচে থাকার লড়াই। জীবনের প্রতিটি মুহূর্তে আতঙ্ক, আর প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে থাকে মৃত্যুর গল্প। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ যখন এখনও নীরব, তখন গাজা বুক চাপড়ে বলছে—এটা কেবল হামলা নয়, এটা ‘পূর্ণাঙ্গ গণহত্যা’।

