সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদানে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। একইসঙ্গে পারিবারিক ভিসার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৩১ মে থেকে কার্যকর হওয়া এই আদেশ ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
স্থগিতাদেশপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।
সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমার মধ্যে নতুন কোনো ওয়ার্ক বা ওমরাহ ভিসা ইস্যু করা হবে না। এমনকি যাঁরা ৩১ মে’র আগেই ভিসা পেয়েছেন কিন্তু এখনও সৌদিতে প্রবেশ করেননি, তারাও প্রবেশে বাধার মুখে পড়তে পারেন।
সৌদি সরকার জানিয়েছে, চলতি বছর হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জুন শুরু হয়ে ৭ জুন পর্যন্ত চলে হজ কার্যক্রম। হাজিদের বড় একটি অংশ জুনের শেষ নাগাদ সৌদি আরব ছাড়বেন। তাই দেশটির কর্তৃপক্ষ ভিসা কার্যক্রম সীমিত করেছে, যাতে অতিরিক্ত ভিড় ও ব্যবস্থাপনায় চাপ না পড়ে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশের নাগরিকরা সাধারণত ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, তাদের মধ্যে এই ১৪টি দেশের আবেদনকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। ফলে এই স্থগিতাদেশ বহু প্রবাসী ও আগ্রহী কর্মীর ওপর প্রভাব ফেলবে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও সৌদি আরব এই ১৪টি দেশের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছিল। সে সময় ঘোষণা করা হয়—এই দেশগুলোর নাগরিকদের শুধু ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেওয়া হবে, যার মেয়াদ হবে ৩০ দিন। অর্থাৎ একবার ভিসা নিয়ে সৌদি প্রবেশের পর পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না।
জানা গেছে, হজ মৌসুমে কিছু ভিসাধারী মক্কায় প্রবেশ করতেন, যদিও তারা সরকারি হজ তালিকায় নাম নথিভুক্ত করেননি। এতে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হতো এবং ভিড় বেড়ে যেত। নতুন এই পদক্ষেপ তারই প্রতিকারে নেওয়া হয়েছে।

