মালয়েশিয়ার উত্তরের ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) ভোররাতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাস ও একটি মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।
দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১টার দিকে, পেরাক রাজ্যের থাইল্যান্ড সীমান্তবর্তী একটি মহাসড়কে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি গড়িয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন, পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ৩১ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, অনেক যাত্রী বাসের ধাক্কায় ছিটকে পড়েন, কেউ কেউ নিজের চেষ্টায় বেরিয়ে আসেন, আবার অনেকে বাসের ভেতরেই আটকা পড়ে থাকেন। উদ্ধারকারী দলের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।
কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীরা কোথায় যাচ্ছিলেন—সেই বিষয়ে এখনো নিশ্চিত তথ্য মেলেনি। তবে দুর্ঘটনার পরই আহতদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে জরুরি সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বেশি। চলতি বছরের মার্চে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, দেশটির ব্যস্ত সড়কগুলোয় গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও আমাদের স্মরণ করিয়ে দিলো, নিরাপদ সড়ক ব্যবস্থা শুধু একটি উন্নয়নের সূচক নয়, এটি মানুষের জীবন-মরণের সাথেও ওতপ্রোতভাবে জড়িত।

