আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ইসরায়েলের নৌবাহিনী কর্তৃক আটক হয়ে আশদাদ বন্দরে নেওয়া হয়েছে। সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। জাহাজটিতে গাজার জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা ছিল, এবং এতে ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, এই জাহাজটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) পরিচালনা করছিল।
জাহাজে থাকা মানবাধিকারকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুইডেনের পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ, ফ্রান্সের ইউরোপীয় এমপি রিমা হাসান, জার্মানি, তুরস্ক, স্পেন, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের নাগরিকরা। মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আটক ব্যক্তিদের রামলে শহরের একটি আটক কেন্দ্রে রাখা হতে পারে এবং পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি বন্দরে নোঙর করেছে এবং যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেটা থুনবার্গসহ দুজনের ছবি প্রকাশ করেছে তারা।
‘ম্যাডলিন’ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া থেকে রওনা দিয়েছিল। এতে করে গাজার জন্য বহন করা হচ্ছিল চাল, ময়দা, বেবি ফর্মুলা, স্যানিটারি পণ্য, চিকিৎসাসামগ্রী, পানি বিশুদ্ধকরণ কিটসহ জরুরি মানবিক সহায়তা।
প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার জন্য ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে বেশ কিছু শিশু অনাহারে মারা যায়। এই মানবিক সংকটের প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ যাত্রা শুরু করে। তবে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটি আটক করে বন্দরে নিয়ে যায়।

