কায়রো থেকে মাত্র ৪৫ কিলোমিটার পূর্বে, মরুভূমির মাঝে দ্রুত গড়ে উঠছে মিশরের নতুন প্রশাসনিক রাজধানী। ৭০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরটি শুধু ভবিষ্যতের আধুনিক নগরই নয়, বরং কায়রোর যানজট ও পরিবেশ দূষণ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হিসেবেও দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, এখানে অন্তত ৬০ লাখ মানুষের বসবাসের ব্যবস্থা থাকবে।
এই বিশাল প্রকল্পের মূল কারিগর চীন। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (CSCEC) শুধু প্রাথমিক ঠিকাদার নয়, তারা নতুন বাণিজ্যিক জেলার (CBD) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিচ্ছে। মিশর ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে, এই নতুন রাজধানী চীন-মিশর কৌশলগত অংশীদারত্বের নতুন দিগন্তে পৌঁছেছে।
নগরটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রেসিডেন্টের প্রাসাদ, সংসদ ভবন, সরকারি দপ্তর ও বিদেশি দূতাবাসের স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি হবে এই নতুন রাজধানীর প্রাণকেন্দ্র। এখানে থাকবে আফ্রিকার সর্বোচ্চ টাওয়ার—৩৮৫.৮ মিটার উঁচু আইকনিক টাওয়ার, ১০টি অফিস টাওয়ার, ৫টি আবাসিক ভবন ও ৪টি বিলাসবহুল হোটেল। সবকিছুই আধুনিক জীবনযাপনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, CSCEC এখানে নগর ব্যবস্থাপনা, সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পর্যটক ও বাসিন্দাদের জন্য একীভূত পরিষেবা নিশ্চিত করবে।
চীনের গৃহায়ন উপমন্ত্রী ডং জিয়াংগুও এই উদ্যোগকে “পারস্পরিক লাভের মডেল” হিসেবে আখ্যা দিয়ে বলেন, চীন-মিশর অংশীদারত্ব কেবল অবকাঠামো নয়, নগর ও গ্রামীণ উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
২০২৩ সাল থেকে প্রায় ৩০ হাজার সরকারি কর্মচারী নতুন রাজধানীতে কাজ শুরু করেছেন। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির তৃতীয় মেয়াদে, নতুন এই শহরই হয়ে উঠেছে মিশরের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। এখন ব্যাংক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এখানে স্থানান্তর হচ্ছে।
চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ শুধু এখানে সীমাবদ্ধ নয়। তারা পিপিপি (Public-Private Partnership) মডেলে বন্দর, মহাসড়ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ করছে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে চায়না এক্সিম ব্যাংক ও অন্যান্য চীনা ঋণদাতারা মিলে এই প্রকল্পে ২.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
বিশেষজ্ঞদের মতে, চীনের এই কৌশলগত উপস্থিতি শুধু CBD-তেই নয়, বরং সুয়েজ খাল ঘিরেও বিস্তৃত। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্তকারী এই জলপথে বিনিয়োগ বাড়াচ্ছে চীন। বর্তমানে মিশরে দুই হাজার ৮০০–এরও বেশি চীনা কোম্পানি কাজ করছে, যাদের মোট বিনিয়োগ ৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
জন ক্যালাব্রেস নামে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশ্লেষক বলেন, “চীনের এই সক্রিয়তা একদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে মিশরকে পরিণত করছে একটি নতুন যুগের স্মার্ট সিটিতে।”

