দীর্ঘ প্রতীক্ষার পর চলতি জুন মাসের শেষ নাগাদ ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন তেজাস যুদ্ধবিমান। প্রায় এক বছর আগেই এই বিমান সংযুক্তির পরিকল্পনা ছিল দেশটির সরকারের।
সোমবার (৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এবং দ্য জেরুজালেম পোস্ট জানায়, ভারত পুরোনো মিগ-২১ এবং জাগুয়ার যুদ্ধবিমানগুলো সরিয়ে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান ব্যবহারের পথে এগোচ্ছে। বিমানবাহিনীর বর্তমান ৩১টি স্কোয়াড্রনকে বাড়িয়ে ৪২ স্কোয়াড্রনে উন্নীত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
ইতোমধ্যে ভারতীয় বিমানবাহিনী তেজাসের প্রাথমিক পর্যায়ের ৪০টি বিমান পেয়েছে। এবার তারা পেতে যাচ্ছে তেজাসের উন্নত সংস্করণ, যেটিকে বলা হচ্ছে ‘এওয়ান (A1) ভ্যারিয়েন্ট’। এই মডেলটি পশ্চিমা প্রযুক্তির আরও কাছাকাছি এবং এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সিস্টেম।
ইন্ডিয়া টুডে জানায়, নতুন এই ভ্যারিয়েন্টে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) রাডার, যা তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এলটা। এটি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হবে।
এছাড়া, ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে এলটা। পাইলটদের জন্য থাকছে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি হেলমেট-মাউন্টেড সাইট। আর প্রতিটি বিমানে যুক্ত থাকবে রাফাল যুদ্ধবিমানে ব্যবহৃত রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।

