টানা কয়েকদিন ধরে সহিংসতা, ভাঙচুর আর উত্তেজনায় জর্জরিত লস অ্যাঞ্জেলেস অবশেষে থামল কারফিউর ঘড়ির কাঁটায়। মঙ্গলবার (১০ জুন) রাতে শহরের মেয়র ক্যারেন ব্যাস কঠিন সিদ্ধান্ত নেন—ডাউনটাউন এলাকায় জারি করা হয় কারফিউ। স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, “শহরকে রক্ষা করতে হবে। ভাঙচুর ও লুটপাট আর বরদাস্ত করা হবে না।”
কারফিউর পেছনে যেটা মূল কারণ, তা এক সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে প্রথমে মানুষ রাস্তায় নামে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদ নিয়েছে আগুনের মতো ছড়িয়ে পড়া এক রূপ।
শুরুটা লস অ্যাঞ্জেলেস হলেও, এরপরেই জ্বলে ওঠে সিয়াটল, শিকাগো, অস্টিন, এমনকি ওয়াশিংটন ডিসি। হাতে ‘আইসিই বিরোধী’ প্ল্যাকার্ড, মুখে স্লোগান, বুকে ক্ষোভ—এভাবেই হাজারো মানুষ নেমে আসে রাস্তায়। সরকারি কার্যালয় ঘেরাও, যান চলাচলে বাধা, আর কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ—বিক্ষোভ আর আন্দোলনের এই মিশ্র রূপই প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
অনেক জায়গায় বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, আবার কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দ্রুত। পরিস্থিতি সামাল দিতে কোথাও কাঁদানে গ্যাস ছোঁড়া হয়, কোথাও চলে লাঠিপেটা। গ্রেপ্তার হন অনেক আন্দোলনকারী। কিন্তু আন্দোলন থামে না—বরং সামনে বড় কিছু আসার আভাস মিলছে।
আন্দোলনকারীরা ‘নো কিংস’ নামে একটি দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি ঠিক হয়েছে এমন এক দিনে, যেদিন ওয়াশিংটনে ট্রাম্পের ঘোষিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতীকী প্রতিরোধ যেন মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে রাষ্ট্রীয় শক্তির।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম এই পুরো পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ট্রাম্প যেন লস অ্যাঞ্জেলেসকে একটি সামরিক ছাউনি বানিয়ে ফেলেছেন। অভিবাসনবিরোধী অভিযান এখন আর কেবল অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। এর কবলে পড়ছে সাধারণ দিনমজুর, দর্জি, রেস্তোরাঁ কর্মী কিংবা বাড়ির মালি।”
তিনি অভিযোগ করেন, প্রশাসনের এই কঠোরতা শুধু মানবিকতাবিরোধীই নয়, যুক্তরাষ্ট্রের বহুত্ববাদ ও মানবাধিকারের চেতনার সঙ্গে প্রতারণা।
সড়কে সেনা, আকাশে হেলিকপ্টার, আর রাত্রিতে সাইরেনের শব্দ—লস অ্যাঞ্জেলেস যেন এখন আর সিনেমার শহর নয়, বরং বাস্তব এক নাটকের মঞ্চ, যেখানে সমাজ, রাজনীতি আর মানবিকতা একসাথে জর্জরিত হচ্ছে শঙ্কা আর প্রতিরোধে।

