ইসরাইলের লাগাতার হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে অবরুদ্ধ গাজা। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ২০০ জনের বেশি মানুষ। নিহতদের অনেকেই ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষ — যাদের কাছে ক্ষুধা থেকেই বড় কোনো যুদ্ধ ছিল না।
বুধবার (১১ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর টানা বোমাবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে গাজার কেন্দ্রীয় অংশে, নেতসারিম করিডরের কাছে। সামান্য কিছু খাবার সংগ্রহে যাওয়া একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনারা।
এই গুলিবর্ষণে নিহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু, মোহাম্মদ খলিল আল-আথামনেহ, যিনি তার পরিবারকে সাহায্য করতে এসেছিলেন খাবার সংগ্রহ করতে। আহত হন আরও ২০০-এর বেশি নিরস্ত্র মানুষ।
এই ত্রাণ বিতরণকেন্দ্র পরিচালনা করছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি সংস্থা, যার কার্যক্রম ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে চলছে। বিতরণকেন্দ্রগুলো ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকাতেই অবস্থিত।
গাজার সরকারের তথ্য অফিস বলছে, এসব ত্রাণ বিতরণস্থলেই বারবার হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে, যা মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে।
জাতিসংঘ ইতোমধ্যে গাজায় দুর্ভিক্ষের সরাসরি হুমকি রয়েছে বলে সতর্ক করেছে। সেখানকার লাখো মানুষ এখন খাদ্য, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের অভাবে চরম সংকটে দিন কাটাচ্ছেন।
একটি যুদ্ধ যখন শুধুই ক্ষুধার্ত শিশু, অসহায় নারী কিংবা নিরীহ পুরুষের রক্তে সিঁথি কেটে এগোয়, তখন তা আর কেবল রাজনৈতিক সংঘর্ষ থাকে না—তা হয়ে ওঠে এক করুণ মানবিক বিপর্যয়।

