ইসরায়েলের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাঁচটি দেশ—যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটেনের নেতৃত্বে এ দেশগুলো একযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির ও অর্থমন্ত্রী স্মোট্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাঁদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে। জানা গেছে, এই দুই মন্ত্রী পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বসবাস করেন এবং তাঁদের বিরুদ্ধে বারবার উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের সঙ্গে বিরল মতবিরোধের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, “যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের নিন্দা জানায়।” তিনি আরও দাবি করেন, এই নিষেধাজ্ঞা গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে, যুদ্ধ থামবে না এবং হামাস কর্তৃক অপহৃত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টাও বাধাগ্রস্ত হবে।
রুবিও ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তাঁর ভাষায়, “আমরা দুই পক্ষকে এক পাল্লায় মাপার এ চিন্তা সমর্থন করি না। হামাস একটি স্বীকৃত সন্ত্রাসী সংগঠন। আমাদের মিত্রদের মনে করিয়ে দিতে চাই, আসল শত্রু কে—তা ভুলে গেলে চলবে না।”
অন্যদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অপর চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “বেন-গভির ও স্মোট্রিচ পশ্চিম তীরে উগ্র সহিংসতাকে উসকে দিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তাঁদের জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন এবং রাজনৈতিক উসকানি ইতোপূর্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে। তবে এই প্রথমবারের মতো এতসংখ্যক পশ্চিমা দেশ একত্রে কোনো ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করল। বিষয়টি কেবল মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক কূটনৈতিক পরিসরেও নতুন মাত্রা যোগ করেছে।
এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে এবং এর মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা সময়ই বলে দেবে। তবে এটি স্পষ্ট, ফিলিস্তিনি জনগণের প্রতি সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এখন আগের চেয়ে বেশি নজর কাড়ছে আন্তর্জাতিক মঞ্চে।

