মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন অভিবাসন উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন, ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিদেশিরা একটি বিশেষ ‘গোল্ড কার্ড’ কিনে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন এবং পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। সেই ঘোষণা অনুযায়ী ১২ জুন বৃহস্পতিবার তিনি ‘TrumpCard.com’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন, যেখানে এই কার্ড কেনার জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন।
ট্রাম্প বলেন, এই গোল্ড কার্ড ধনী বিদেশিদের জন্য এক ধরনের অভিজাত অভিবাসন প্যাকেজ, যা বর্তমান ইবি-৫ ভিসা ব্যবস্থার তুলনায় অনেক সহজ এবং দ্রুত নাগরিকত্বের সুযোগ তৈরি করবে। ইবি-৫ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করলে দেওয়া হয়। তবে ট্রাম্পের এই নতুন পরিকল্পনায় সরাসরি অর্থের বিনিময়ে বসবাস এবং পরবর্তী সময়ে নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প জানান, গোল্ড কার্ড নিয়ে মানুষের বিপুল আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তাকে ফোন করে জানতে চাচ্ছেন, কীভাবে এই কার্ডের জন্য আবেদন করতে হবে। ট্রাম্প দাবি করেন, এই কার্ড ঝড়ের গতিতে বিক্রি হবে এবং এটি একটি অনন্য সুযোগ, যা অনেকেই লুফে নেবেন।
এই গোল্ড কার্ড মূলত গ্রিন কার্ডের বিকল্প হিসেবে কাজ করবে। তবে এটি শুধু স্থায়ী বসবাস নয়, বরং নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াও সহজ করবে বলে দাবি করা হচ্ছে। মার্কিন সরকারের অনুমোদনপ্রাপ্ত বলে উল্লেখ করা এই ওয়েবসাইট থেকে যে কেউ নির্দিষ্ট অর্থ দিয়ে আবেদন করতে পারবে।
তবে ট্রাম্পের এই ঘোষণা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। সমালোচকেরা বলছেন, এটি টাকা দিয়ে নাগরিকত্ব কেনার একটি রূপ এবং এতে করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন উদ্যোগ ধনীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করলেও মধ্যবিত্ত কিংবা সাধারণ অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি এক ধরনের বৈষম্য তৈরি করবে।
তবুও ট্রাম্প নিজের অবস্থানে অটল। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য এই ‘গোল্ড কার্ড’ একটি কার্যকর পদক্ষেপ হবে। এখন দেখা যাবে, তার এই সাহসী উদ্যোগ কতটা গ্রহণযোগ্যতা পায় এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কতটা প্রভাব ফেলে।

