ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং আপার মাল্টিপারপাস হাইড্রো প্রজেক্ট ঘিরে বাড়ছে উত্তেজনা। চীন সীমান্তসংলগ্ন এই অঞ্চলে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি ড্রিলিং যন্ত্রপাতি ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ খবর জানিয়েছে নিক্কেই এশিয়া।
স্থানীয় বাসিন্দা কেন্টু বলেন, “রাতের অন্ধকারে সেনা আর যন্ত্রপাতি নিয়ে এসেছে। আমাদের কিছু না জানিয়েই কৃষিজমির পাশে বসানো হয়েছে সবকিছু। এখন চারদিকে শুধু অস্ত্রধারী বাহিনী আর মেশিন দেখি।”
প্রকল্প এলাকায় ধান, কমলা, বাঁশ চাষের পাশাপাশি নদীকেও পবিত্র হিসেবে মানেন স্থানীয়রা। তাদের মতে, সিয়াং নদী (ব্রহ্মপুত্র) কেবল একটি জলধারা নয়—এটি ‘মাদার সিয়াং’, অর্থাৎ জীবনের উৎস।
ভারত সরকার বলছে, এই প্রকল্প তিনটি বড় উদ্দেশ্য পূরণ করবে—পানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন এবং সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান জোরদার।
তবে স্থানীয়দের মতে, এটি তাদের জীবন, জীবিকা ও সংস্কৃতির জন্য সরাসরি হুমকি। দিবুত সিরাম নামে এক বাসিন্দা জানান, “প্রকল্পটি অন্তত ৪২টি গ্রামে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব ফেলবে। যদি জনগণের মত নেওয়া হতো, ৯৫ শতাংশ মানুষ এর বিরোধিতা করত।”
সরকার দাবি করছে, ৭০ শতাংশ মানুষ প্রকল্পের পক্ষে। তবে স্থানীয়রা এই তথ্যকে “মিথ্যা ও প্রতারণামূলক” বলে প্রত্যাখ্যান করেছেন।
বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং চীনের সঙ্গে সীমান্ত বিরোধে ভারতের কৌশলগত অবস্থান জোরদার করার অংশ। চীন তিব্বতের মেডোগ এলাকায় বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে। ভারতের এই প্রকল্পকে সেই উদ্যোগের জবাব হিসেবেই দেখা হচ্ছে।
তবে অনেকে বলছেন, যেখানে চীন প্রাকৃতিক ঢাল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে, সেখানে ভারতের এই বৃহৎ বাঁধ প্রকল্প পরিবেশগত ও কারিগরি দিক দিয়ে অযৌক্তিক।

