দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। টানা ভারী বৃষ্টিপাত ও তুষারঝড়ের ফলে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। মৃত্যুর মিছিলে রয়েছে স্কুলশিক্ষার্থীরাও। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন শিশু। মৃতের সংখ্যা বাড়ছে প্রতি ঘণ্টায়।
বুধবার (১১ জুন) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রদেশটির মুখ্যমন্ত্রী অস্কার মাবুয়ানে বলেন, “ঘণ্টায় ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।”
এই দুর্যোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে মথাতা শহরের কাছে। মঙ্গলবার সকালে একটি সেতু পার হওয়ার সময় স্কুলশিক্ষার্থীসহ ১৩ জন যাত্রী নিয়ে একটি বাস পানির তোড়ে ভেসে যায়। বাসটিতে ছিলেন ১১ জন শিক্ষার্থী, একজন চালক এবং কন্ডাক্টর।
পরে নদীর পাড়ে বাসটি খুঁজে পেলেও ভেতরে কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত চালকসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশার কথা, তিন শিশু গাছে উঠে জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে চারজন শিশু—যাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
বন্যা ও প্রবল ঝড়ে শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়ে রাত কাটাচ্ছেন। প্রদেশটির ৫৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ওআর টাম্বো, আমাথোলি এবং আলফ্রেড নজো জেলায়। পাশের প্রদেশ কোয়াজুলু-নাটালেও দুর্যোগ দেখা দিয়েছে, যেখানে ৬৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রবল বাতাসে প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা এসকম জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চলছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শীতকালীন আবহাওয়ার ভয়াবহতা যখন তীব্র হচ্ছে, তখন আমাদের দরকার আরও সতর্কতা, সহানুভূতি ও সহযোগিতা।”
জুন থেকে আগস্ট — এই সময়টিই দক্ষিণ আফ্রিকায় শীতকাল। অতীতে এই সময় বরফ ও বন্যা দেখা গেলেও এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বৃষ্টিপাত অনেক বেশি অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক। গত এপ্রিলে মাত্র তিনদিনে আকস্মিক বন্যায় প্রায় ৪,৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন অন্তত ১৮ জন।
এই ভয়াবহ দুর্যোগ সবচেয়ে বেশি আঘাত করেছে নেলসন ম্যান্ডেলার জন্মস্থান ইস্টার্ন কেপ-কে। এখানকার মানুষ আজ লড়ছে প্রকৃতির বিপরীতে। জীবনের ঝুঁকি নিয়ে যারা প্রতিবেশীদের সতর্ক করেছেন কিংবা নিখোঁজদের খোঁজে এগিয়ে এসেছেন—তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মাবুয়ানে।
বর্তমানে উদ্ধারকাজ চলছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু মহাসড়ক, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।

