ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছাতে সড়কপথে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী। ইসরাইলের আরোপিত অবরোধ ভাঙার লক্ষ্যে তারা এই মানবিক যাত্রা শুরু করেছেন।
বহরটি ‘অবিচলিত’ নামে পরিচিত। এতে রয়েছে শতাধিক গাড়ি ও ডজনখানেক বাস। অংশগ্রহণকারীদের সংখ্যা দেড় হাজারেরও বেশি। তারা তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়া থেকে এসেছেন। ইতোমধ্যে তারা তিউনিশিয়ার রাজধানী থেকে রওনা দিয়ে পৌঁছেছেন লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে। এখন বহরটি অবস্থান করছে লিবিয়ার জাউইয়া শহরে।
পরিকল্পনা অনুযায়ী, বহরটি জাউইয়া থেকে মিশরের রাজধানী কায়রো হয়ে যাবে গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। লিবিয়া থেকেও আরও মানুষ এই বহরে যোগ দেয়ার কথা রয়েছে।
ত্রিপোলি পৌঁছালে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান বহরটিকে। নিরাপত্তা দিতে পাশে ছিল লিবিয়ার পুলিশও।
বহরে থাকা আলজেরিয়ার অধিকারকর্মী জামিলা শরিতাহ জানান, তিউনিশিয়া ও লিবিয়ার কর্তৃপক্ষ বহরটিকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। আরেক কর্মী জায়েদ আল-হামামি বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য—রাফা সীমান্ত পুনরায় খুলে দেয়া এবং গাজায় ত্রাণ প্রবেশে সুযোগ সৃষ্টি করা।”
এপি জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত এই বহরের সদস্যরা মিশরে প্রবেশ করতে পেরেছেন কি না, তা স্পষ্ট নয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাফা সীমান্তে পৌঁছানোর আগে বিদেশি কোনো প্রতিনিধিদলকে অনুমতি নিতে হবে। সীমান্ত এলাকার আরিশ শহর ও রাফাহ ক্রসিংয়ে কড়া নজরদারি রয়েছে।
ইসরাইল এরইমধ্যে বহরটিকে গাজায় প্রবেশে বাধা দিতে উদ্যোগ নিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, বহরটি গাজায় প্রবেশ করলে তাদের সেনাদের জন্য তা হুমকি হতে পারে। তিনি মিশর সরকারকে আহ্বান জানিয়েছেন, যেন তারা বহরটির যাত্রা থামায়।
এদিকে গত সপ্তাহে ইতালি থেকে গাজামুখী ত্রাণ নিয়ে রওনা দিয়েছিল পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ ১২ অধিকারকর্মী। তারা ছিলেন আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ‘ম্যাডলিনা’ জাহাজে। সোমবার (৯ জুন) আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে জাহাজটি আটক করে ইসরাইলি নৌবাহিনী। পরে জাহাজসহ যাত্রীদের ইসরাইলে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে চারজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিরা এখনো ইসরাইলে আটক রয়েছেন।

