মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কিছু মার্কিন সেনা ও কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১১ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জায়গাটি খুব বিপজ্জনক বলেই আমরা তাদের সরিয়ে নিচ্ছি। নোটিশ দেওয়া হয়েছে। দেখা যাক, কী হয়।”
ট্রাম্প আরও বলেন, ইরান নিয়ে উদ্বেগ থেকেই এই পদক্ষেপ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, “তাদের (ইরান) কোনও পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। হিসাবটা খুবই সহজ।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে তাদের ভ্রমণ পরামর্শ বিজ্ঞপ্তি হালনাগাদ করে জানায়, মধ্যপ্রাচ্যে জরুরি সেবার অন্তর্ভুক্ত নন এমন মার্কিন কর্মীদের—বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তাদের—১১ জুনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা, পারমাণবিক ইস্যু, এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অচলাবস্থা এই অবস্থার পেছনে বড় ভূমিকা রেখেছে।
মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। এই আশঙ্কা আরও জোরালো হয়েছে যখন জানা গেছে, ইরাকের মার্কিন দূতাবাস থেকেও কিছু কর্মীকে সরানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
এছাড়া, মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন সেনা সদস্যদের পরিবারকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাহরাইন ও কুয়েত থেকেও স্বেচ্ছায় ফেরা সম্ভব—এমন সিদ্ধান্ত দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই খবর প্রকাশের পরপরই বিশ্ববাজারে তেলের দাম চার শতাংশের বেশি বেড়ে গেছে। নিরাপত্তা ও সরবরাহের শঙ্কা থেকেই এমনটা ঘটেছে বলে জানিয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা।

