ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার দায় স্বীকার করে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন—”ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
শুক্রবার (১৩ জুন) ভোরে এক বিশেষ বার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও পরমাণু প্রকল্পগুলোর বিরুদ্ধে এই অভিযানের শুরু হয়েছে।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী ‘নেশন অব লায়ন্স’ নামে অপারেশন চালিয়ে এক ডজনেরও বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান এমন পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যাতে কয়েক দিনের মধ্যেই ১৫টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।
একইসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “এই হামলা ছিল প্রতিরোধমূলক। আমাদের কাছে তথ্য আছে যে, ইরান শিগগিরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, তেহরান ও আশপাশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি জানিয়েছে, হামলায় “অনেক হতাহত” হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়ে থাকতে পারেন।
হামলার প্রতিক্রিয়ায় পুরো ইসরায়েলে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। ভোর ৩টা থেকে জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতি কোথায় গিয়ে থামে—তা বলা যাচ্ছে না। কিন্তু এতটুকু নিশ্চিত, ইসরায়েল-ইরান উত্তেজনা এবার এক ভয়ঙ্কর বাঁক নিয়েছে।

