ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করছে মার্কিন সামরিক বাহিনী।
এক কর্মকর্তা জানান, “ইসরায়েলে লক্ষাধিক মার্কিন নাগরিক ও গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।”
ফক্স নিউজের চিফ ন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট জেনিফার গ্রিফিন জানান, পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের দুটি নৌবাহিনী ডেস্ট্রয়ার—‘ইউএসএস সুলিভানস’ ও ‘ইউএসএস আরলেই বার্কি’ ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট পিএসি-৩ ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে সহায়তা করছে মার্কিন সেনাবাহিনী।
আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তৃতীয় ঢেউ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে পরিস্থিতি এখনো অস্থির, এবং যেকোনো সময় আবারও উত্তেজনা বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের এই সক্রিয় সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জটিলতায় আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।

