মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ হামলার জবাবে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে জেরুজালেম ও তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে একজন নিহত ও অন্তত ৬৩ জন আহত হয়েছেন, ধ্বংস হয়েছে নয়টি ভবন। এই হামলার মধ্যে গভীর রাতে নিরাপত্তা বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।
ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও বাণিজ্যিক শহর তেল আবিবে বিস্ফোরণের ফলে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় অন্তত নয়টি ভবন। এ হামলায় একজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন বলে জানা গেছে। সিএনএনের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন, সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন।
ইসরায়েলের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও দেশটির প্রতিরক্ষা সংস্থার শীর্ষ কর্মকর্তারা ওই বাংকারে জরুরি বৈঠকে অংশ নেন। হামলার ভয়াবহতা ও এর সম্ভাব্য প্রতিক্রিয়া বিশ্লেষণেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তারা জানতে পেরেছে- নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি কিছু সূত্র বলছে, তাকে গ্রিসে স্থানান্তর করা হয়েছে। ইরনা একাধিক ইসরায়েলি মিডিয়ার ছবি প্রকাশ করে জানায়, নেতানিয়াহুর বহনকারী একটি বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ছিল দুটি যুদ্ধবিমান, যা ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে উড়ছে।
চ্যানেল ১২-এর বরাত দিয়ে বলা হয়, ওই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

একই সময়ে ইরানের পশ্চিম তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে দুটি বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। ফার্স দাবি করে, হামলায় বিমানবন্দর এলাকা কেঁপে ওঠে এবং পশ্চিমাংশের ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখানকার ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়াচ্ছে। ইরানের তাসনিম নিউজ ও মেহের নিউজের বরাতে বিবিসি জানায়, ওই এলাকায় বড় ধরনের বিস্ফোরণ হয়েছে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের চালানো একপক্ষীয় আক্রমণে। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ কমপক্ষে ৭৮ জন নিহত হন এবং আরও তিন শতাধিক আহত হন। ইরান এই হামলাকে ‘নৃশংসতা’ বলে আখ্যা দিয়ে এর উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেয়। আজকের পাল্টা হামলা সেই প্রতিশোধপর্বেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন কূটনৈতিক মহল। একে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সংঘাত আরও প্রসারিত হলে গোটা অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানিবাজারে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
বর্তমানে ইসরায়েল ও ইরান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার মুখোমুখি। উভয়পক্ষই নিজ নিজ অবস্থান থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি প্রতিশোধের কৌশল নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে পরবর্তী কয়েক ঘণ্টা বা দিনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের ওপর।

