—রয়টার্সের বিশ্লেষণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। আর এর পেছনে ইসরায়েলের এক “গভীর খেলা” চালানোর ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা। শুক্রবার ভোরে ইরানে চালানো ইসরায়েলের নজিরবিহীন হামলার ধরন ও লক্ষ্যবস্তুর পর্যালোচনায় ধারণা জোরালো হচ্ছে যে, তেহরানের পরমাণু অবকাঠামো ধ্বংসের বাইরেও ইসরায়েলের মূল লক্ষ্য হতে পারে ইরানে সরকার পরিবর্তনের পরিবেশ তৈরি করা।
শুধু পারমাণবিক স্থাপনা নয়, ইসরায়েল আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক কমান্ড চেইনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং বিজ্ঞানীদের ওপর। এতে দেশটির রাজনৈতিক নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে- এমনটাই বলছে পশ্চিমা গোয়েন্দা সূত্র। রয়টার্সের বরাতে বলা হয়েছে, এই হামলায় ইরানের ভেতরে এক ধরনের রাজনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ গবেষক ও সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল সিং বলেন, “ইসরায়েলের অন্যতম লক্ষ্য হয়তো তেহরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি করা। তারা ইরানি জনগণকে রাস্তায় দেখতে চায়। বেসামরিক হতাহতের মাত্রা সীমিত রাখার কৌশল থেকে বোঝা যাচ্ছে, এটি কেবল সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রকল্পের অংশ।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পর এক ভিডিও বার্তায় ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন, “আপনাদের মুক্তির দিন আর দূরে নয়।” একইসঙ্গে তিনি লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানের পর সরকার পতন এবং সিরিয়ায় আসাদ সরকারের দুর্বলতার কথা তুলে ধরেন। বিশ্লেষকরা বলছেন, এই বার্তা একটি সরাসরি ইঙ্গিত- ইসরায়েল ইরানের সরকার পরিবর্তনের রূপরেখার দিকেই এগোচ্ছে।
সাবেক মোসাদ বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষক সিমা শাইন রয়টার্সকে বলেন, “যাদের হত্যা করা হয়েছে, তারা অনেক বছর ধরে ইরানের নিরাপত্তা কাঠামো মজবুত করে রেখেছিল। এদের সরিয়ে দেওয়ার মাধ্যমে শাসনব্যবস্থায় বিভ্রান্তি, বিভাজন এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব ছড়াতে পারে।”
তবে সিমা শাইন সতর্ক করেন, “যদিও ইসরায়েল চাইবে সরকার পরিবর্তন হোক, এমন পরিবর্তনের ফলাফল সব সময় অনুকূলে নাও আসতে পারে।”
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক উপপরিচালক জোনাথন পানিকফ বলেন, “যদি ইরানে বর্তমান সরকার পতন ঘটে, তার পরিবর্তে আসা সরকার আরও কঠোর হতে পারে। ইতিহাস বলে, গণআন্দোলনের ফল সব সময় উদার গণতান্ত্রিক সরকারের জন্ম দেয় না। বরং তা আরও উগ্রবাদী বা প্রতিশোধপরায়ণ শাসনের সূচনা করতে পারে।”
তিনি যোগ করেন, “ইসরায়েলের অনেকে বহুদিন ধরেই বিশ্বাস করে, ইরানে সরকার পরিবর্তন হলে নতুন সূচনা হবে। কিন্তু সেই বিশ্বাস বাস্তবতার মুখোমুখি হলে ভিন্ন ফল আসতেও পারে।”
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাচি হানেগবি ইসরায়েলি টিভি চ্যানেলকে বলেন, “কোনো পরমাণু কর্মসূচিকে পুরোপুরি সামরিকভাবে ধ্বংস করা যায় না। তবে সামরিক চাপ এমন বাস্তবতা তৈরি করতে পারে, যেখানে কূটনৈতিক সমঝোতার দরজা খোলা থাকে।”
বিশ্লেষকরা মনে করছেন, সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে চাপে রেখে হয় সরকারকে দুর্বল করা, না হয় আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে নতুন করে চুক্তির দিকে ঠেলে দেওয়াই হতে পারে এই কৌশলের বড় অংশ।
হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা কার্যকর হয়েছে। তবে সরকার পরিবর্তন সংক্রান্ত কোনো অবস্থান থেকে সরাসরি বক্তব্য এড়িয়ে গেছে হোয়াইট হাউজ। জাতিসংঘে ইরানি মিশনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন সরাসরি সরকার পরিবর্তনের কথা বলছে না ঠিকই, তবে তেহরানকে দুর্বল করার ইসরায়েলি প্রচেষ্টায় পরোক্ষ সমর্থন দিয়ে চলেছে।
ইসরায়েলের এই হামলা নিছক একটি সামরিক অভিযানের চেয়েও বেশি। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে যে, তেল আবিব এখন তেহরানের নিরাপত্তা কাঠামো ও রাজনৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। তবে তা আদৌ সফল হবে, না কি মধ্যপ্রাচ্যের আরও বড় অস্থিরতার সূত্রপাত ঘটাবে- তা এখনো অনিশ্চিত।

