ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে ইরান সেনাবাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আমির হাতেমিকে।
শুক্রবার (১৩ জুন) এক সরকারি ডিক্রিতে এ ঘোষণা দেন খামেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আমির হাতেমির “নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা”-র ওপর ভিত্তি করেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।
জেনারেল হাতেমি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ধরা হয়। সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে ‘বিপ্লবী দৃষ্টিভঙ্গি ও রূপান্তরমূলক নেতৃত্ব’ আশা করছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব।
আনুষ্ঠানিক ডিক্রিতে বলা হয়, “সেনাবাহিনীর বিশাল সক্ষমতা ও বিশ্বস্ত কর্মীদের অভিজ্ঞতার আলোকে আশা করা যায়, আপনার নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালীকরণ এবং অন্যান্য সামরিক শাখার সঙ্গে সমন্বয় আরও জোরদার হবে।”
নতুন সেনাপ্রধান নিয়োগের পাশাপাশি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে। তিনি এর আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং “সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন” বলে প্রশংসা করেছেন আয়াতুল্লাহ খামেনি।
উল্লেখ্য, এই পদটি শূন্য হয়েছিল ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি নিহত হওয়ার পর।
১৩ জুন ইসরায়েলের বিমান হামলায় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ভাষ্যমতে, এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ৩ শতাধিক।
হামলায় নিহতদের মধ্যে ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাঘেরি।
ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নাম দিয়ে ইরান তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের প্যারামেডিক সার্ভিস জানিয়েছে, এতে অন্তত ৩৪ জন আহত হন এবং একজন নিহত হন।
মধ্যপ্রাচ্যে এ মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ইসরায়েল বলছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে “প্রয়োজনে একতরফা ব্যবস্থা” নিতে বাধ্য হবে। অন্যদিকে ইরান এই হামলাকে “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” বলে বর্ণনা করছে এবং প্রতিশোধের হুমকি দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে নতুন সেনাপ্রধান আমির হাতেমিকে সামনে রেখে ইরান সামরিক ও কৌশলগতভাবে পুনর্গঠন শুরু করতে পারে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

