মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যে ইসরায়েলের দুটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। একইসঙ্গে ওই বিমানের এক পাইলটকে আটক করার কথাও জানিয়েছে তেহরান।
শুক্রবার (১৩ জুন) ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে এসব যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, ইসলামি প্রজাতন্ত্রের বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে দুটি এফ-৩৫ এবং একটি ‘বিপুল সংখ্যক মাইক্রো এয়ার ভেহিকল’ ধ্বংস করেছে।
তেহরান টাইমস সূত্রে জানা যায়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর বিমান প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান দুটি শনাক্ত ও গুলি করে ভূপাতিত করে। এর মধ্যে একটি যুদ্ধবিমানের পাইলট প্যারাসুটে করে নিরাপদে নামার পর ইরানের ভূখণ্ডে প্রবেশ করেন এবং তাঁকে আটক করা হয় বলে দাবি করেছে এক ইরানি সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, “আটক পাইলট বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এর আগে একই দিনে ইসরায়েল ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এতে বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং একাধিক পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরান সরাসরি তেল আবিব ও জেরুজালেমে পাল্টা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ইরান এটিকে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে অভিহিত করেছে।
ইরানের এফ-৩৫ ভূপাতিত করার দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। এই যুদ্ধবিমানগুলোকে বিশ্বের সবচেয়ে উন্নত ও ‘প্রায় অদৃশ্যমান’ হিসেবে বিবেচনা করা হয়। তাই এত উন্নত বিমান ভূপাতিত করার দাবি অনেককেই অবাক করেছে।
বিশ্লেষকরা বলছেন, যদি এই দাবি সত্য হয় তবে এটি শুধু ইসরায়েলের জন্য নয় বরং যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির ওপরও এক বড় প্রশ্নচিহ্ন তৈরি করবে। কারণ এফ-৩৫ ফ্লিটের রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের সাথেই যুক্ত।
তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং ইসরায়েল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব সরাসরি যুদ্ধের পথে যাচ্ছে বলে আশঙ্কা বাড়ছে। পরমাণু স্থাপনায় হামলা, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মৃত্যু এবং স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার মতো দাবি- সব মিলিয়ে পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে বিপজ্জনক রূপ নিচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায় এখন মুখিয়ে রয়েছে- ইসরায়েল এই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া জানায় এবং উত্তেজনা ঠেকাতে জাতিসংঘ বা বিশ্বশক্তিগুলো কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।

