—আল জাজিরার বিশ্লেষণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন ঢেউ তুলেছে ইসরায়েলের সাম্প্রতিক হামলা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় পরিচালিত ওই হামলায় দেশটির শীর্ষস্থানীয় সামরিক নেতাদের পাশাপাশি অন্তত ছয়জন পরমাণুবিজ্ঞানীর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এর ফলে ইরান তার পারমাণবিক নীতিতে মৌলিক পরিবর্তন আনতে বাধ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও কূটনৈতিক মহলের মতে, এ হামলা ইরানকে কূটনৈতিক পথ পরিহার করে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের হামলার পর তেহরানের কাছে ‘বোমা ছাড়া উপায় নেই’- এমন অবস্থানই ক্রমেই শক্তিশালী হচ্ছে।
ইরান স্বীকার করেছে, ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ও আইআরজিসি প্রধান হোসেইন সালামিসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ছয়জন শীর্ষ পারমাণুবিজ্ঞানীও।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক বিশেষজ্ঞ আলী ভায়েজ জানিয়েছে, “পারমাণবিক স্থাপনায় এই হামলা ইরানকে হয়তো সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, যা এতদিন সে এড়িয়ে চলছিল- অর্থাৎ বোমা তৈরি।”
ইরানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কট্টর ও সংস্কারপন্থিদের মধ্যে বিতর্ক ছিল যে, পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় যাওয়া কতটা যৌক্তিক। হামলার পর দৃশ্যত কট্টরপন্থিদের যুক্তিই শক্তিশালী হয়ে উঠেছে।
রেজা এইচ আকবরি, ইনস্টিটিউট ফর ওয়ার অ্যান্ড পিস রিপোর্টিংয়ের বিশ্লেষক বলেন, “এই হামলা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার আশায় থাকা একটি সময়ের অপচয় মাত্র। কৌশলগত দুর্বলতা নিয়ে পশ্চিমাদের তুষ্ট করা সম্ভব নয়- এটাই এখন প্রচলিত ধারণা হয়ে উঠছে।”
২০১৫ সালে ওবামা প্রশাসনের মাধ্যমে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় জেসিপিওএ (Joint Comprehensive Plan of Action)। এই চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার বদলে নিষেধাজ্ঞা থেকে কিছুটা অব্যাহতি পায়। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে আস্থার ভাঙন ধরে।
চুক্তির পতনের পর থেকে ইরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে। আর এখন সাম্প্রতিক এই হামলার পর পুরোনো কূটনৈতিক পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে বলে মত বিশেষজ্ঞদের।
ইরান অতীতে তার ‘প্রতিরোধ অক্ষ’ ব্যবহার করে আঞ্চলিক শক্তিসমূহ- যেমন হিজবুল্লাহ, হুথি ও সিরিয়ার আসাদ সরকারকে কাজে লাগিয়ে জবাব দিত। কিন্তু গত বছরের ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে সংগঠনটির নেতৃত্বে ধস নামে এবং সিরিয়ার আসাদ সরকার পতনের পর থেকে ওই পথও আর আগের মতো কার্যকর নেই।
ইসরায়েলের হামলার দিনেই ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করেন: “ইরানের এখনই চুক্তি করা উচিত, নতুবা আর কিছুই অবশিষ্ট থাকবে না।” এরপরই ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় দ্বিতীয় দফা বিমান হামলা চালায়।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিফেনস বলেন, “এখন ইরানের সামনে দুটি পথ- হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আপস করবে, নয়তো আরও ভয়াবহ হামলা ও প্রাণহানি সহ্য করতে হবে।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে ইরানের আসলেই কার্যকর কোনো বিকল্প নেই।”
পারমাণবিক বোমা ত্যাগের বিপরীতে আন্তর্জাতিক কূটনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি উল্লেখ করা হয় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির উদাহরণ। ২০০৩ সালে তিনি পারমাণবিক কর্মসূচি ত্যাগ করলেও ২০১১ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিদ্রোহে তার পতন ঘটে এবং নির্মমভাবে নিহত হন।
এই উদাহরণ ইরানের সর্বোচ্চ নেতৃত্বের মনেও গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশ্লেষক নেগার মোর্তাজাভি। তার মতে, গাদ্দাফির মতো ভাগ্যবরণ এড়াতে ইরান এখন পারমাণবিক সক্ষমতাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করছে।
আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে যে, কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকুচিত হচ্ছে। ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে গড়াচ্ছে। আর এই বাস্তবতায় তেহরানের হাতে হয়তো পারমাণবিক বোমা ছাড়া আর কোনো বিকল্পই থাকছে না।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তার জন্য একটি ভয়াবহ মোড় নিয়ে আসতে পারে। তবে ইরান যদি এই পথে হাঁটেই, তবে তা থামানোর ক্ষমতা বর্তমানে কারও হাতে নেই বলেই আশঙ্কা প্রকাশ করছেন তারা।

