ইরানে ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলার ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তেলআবিবকে। বিতর্কিত এই অস্ত্র সহায়তা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইসরায়েলি প্রস্তুতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
মঙ্গলবার (১০ জুন) গোপন এই অস্ত্র সরবরাহের কার্যক্রম সম্পন্ন হয়, আর শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি।
যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার বিষয়টি এতদিন গোপন থাকলেও- মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে উঠে এসেছে যে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প প্রশাসন আগে থেকেই অবগত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের পরিকল্পনায় বাধা দেওয়ার ‘ভান‘ করেছিল ট্রাম্প প্রশাসন কিন্তু বাস্তবে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসও গতকাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র শুধু প্রতীকীভাবে ‘বাধা‘ দেওয়ার ভাষা ব্যবহার করেছিল, বাস্তবে ইসরায়েলকে সরাসরি সমর্থন দিয়েছে।
গত এপ্রিল ও মে মাসে ইসরায়েলের একতরফা হামলার পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ব্রিফিং দেওয়া হয়। সেখানে ইরানের পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর মানচিত্র, সাইবার আক্রমণের ছক এবং নির্ভুল হামলার কৌশল তুলে ধরা হয়।
হেলফায়ার হলো লেজার নিয়ন্ত্রিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এটি সাধারণত হেলিকপ্টার ও ড্রোন থেকে নিক্ষেপ করা হয় এবং নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম। যদিও এটি পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের জন্য তৈরি নয়, তবুও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এর কার্যকারিতা প্রশ্নাতীত।
এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, হেলফায়ার ক্ষেপণাস্ত্রগুলো ইরান হামলায় ইসরায়েলের জন্য ‘দারুণ কার্যকর’ ছিল।
শুক্রবারের হামলায় ইসরায়েল ১০০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে। বিভিন্ন বিমানঘাঁটি থেকে একযোগে আকাশে উড়ে যাওয়া এসব বিমান ইরানের কমান্ড সেন্টার, রাডার ঘাঁটি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের আবাসস্থল ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে আঘাত হানে।
ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে দাবি করেছিল, তারা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী। এমনকি গত ১২ এপ্রিল ইরানের সঙ্গে আলোচনায়ও বসে ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেন, তিনি তেহরানকে একটি নতুন চুক্তিতে রাজি হওয়ার জন্য ৬০ দিনের সময় দিয়েছিলেন। ঠিক ৬১ দিন পরই হামলা চালায় ইসরায়েল।
তবে বাস্তবতা ছিল ভিন্ন। আলোচনার সময়ই যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইসরায়েলকে গোলাবারুদ ও অস্ত্র পাঠিয়ে গেছে। অস্ত্র প্রেরণের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করতে হয়নি, কারণ এটি ছিল ৭৪০ কোটি ডলারের পূর্বস্বীকৃত একটি সামরিক চুক্তির আওতায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে দেয়। এর জবাবে তেহরান জানায়, নিজেদের সার্বভৌম অধিকারের বিষয়ে তারা কোনো আপস মেনে নেবে না।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন সমন্বয়ের খবর সামনে আসায় এ অঞ্চলে উত্তেজনা চরমে উঠেছে।
হামলায় শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিহত হওয়া ইরানের জন্য এক বড় ধাক্কা। যদিও এখনো ইরান থেকে সরাসরি প্রতিক্রিয়া আসেনি, তবে প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা প্রবল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিকল্পিত এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তপ্ত সংঘাতের বার্তা দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই গোপন অস্ত্র সহযোগিতা ও হামলা কৌশল কেবল ইরান নয় বরং গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, ইরান কবে, কীভাবে এবং কতটা কঠোরভাবে এর জবাব দেয়।

