ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ-সীমান্তঘেঁষা ধুবড়ি জেলায় সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ‘দুষ্কৃতকারীদের’ বিরুদ্ধে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার (১৩ জুন) ধুবড়ি সফরকালে তিনি এই কঠোর নির্দেশনার কথা জানান। তার ভাষায়, যারা মন্দির লক্ষ্য করে পাথর ছুঁড়বে বা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরাসরি গুলি চালাতে বলা হয়েছে।
এই ঘোষণা আসামজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে, রাজ্যে মুসলিম অধ্যুষিত সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়েছে।
ধুবড়ি জেলার একটি হনুমান মন্দিরের কাছে প্রাণীর দেহাবশেষ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় হিন্দু জনগণের একাংশ ঘটনাটিকে ‘অপবিত্রতা’ হিসেবে দেখিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর থেকে ধুবড়িতে ব্যাপক ধরপাকড় ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই পরিস্থিতির পেছনে মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা বিদেশি ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেন। তার ভাষায়, “ঈদের আগের দিন ‘নবীন বাংলা’ নামে একটি সংগঠন ধুবড়িকে বাংলাদেশের অংশ হিসেবে দাবি করে পোস্টার লাগিয়েছে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উসকানি ছড়িয়ে অশান্তি তৈরি করতে সীমান্তপারের কিছু শক্তি সক্রিয়। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ থেকেও হাজার হাজার গবাদিপশু ঢুকেছে আসামে। এই গরুর মাফিয়ারা ঈদের সময় হিংসা ছড়ানোর চেষ্টা করছে।”
তবে এসব দাবির পক্ষে এখনও পর্যন্ত ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো নিরপেক্ষ বা স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুবড়িতে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, “যেসব ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে, তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। কেউ রেহাই পাবে না।”
এ ছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, “পরের ঈদের দিন আমি ধুবড়ি থাকব। আমরা অশান্তি ছড়ানোর পরিকল্পনাকারীদের ছাড় দেব না।”
বিশ্লেষকরা মনে করছেন, ধুবড়িতে সাম্প্রতিক উত্তেজনার ঘটনার সঙ্গে রাজনীতির গভীর সম্পর্ক রয়েছে। আসামে আগামী ৯-১০ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে রাজ্যে ধর্মীয় বিভাজন ও জাতীয়তাবাদী আবেগকে উসকে দিয়ে ভোটের মাঠ গরম করা হচ্ছে বলে মনে করছেন বিরোধীরা।
অসম কংগ্রেসসহ একাধিক বিরোধী দলের নেতা অভিযোগ করেছেন, বিজেপি দীর্ঘদিন ধরেই রাজ্যে ‘ধর্মীয় মেরুকরণের’ কৌশল চালিয়ে আসছে। ধুবড়ির ঘটনাকে তারা তারই একটি অংশ বলে অভিহিত করছেন।
ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং দেখামাত্র গুলির মতো নির্দেশ নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের মানবাধিকার সংগঠনগুলো বলছে, মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ আইনের শাসনের পরিপন্থী এবং বিচারবহির্ভূত হত্যার ঝুঁকি তৈরি করতে পারে। সংবিধান অনুযায়ী, ‘দেখামাত্র গুলি’ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নিরাপত্তা রক্ষীদের জন্য বৈধ আদেশ হতে পারে না- এমন অবস্থান নিয়েছেন অনেক আইনি বিশ্লেষক।
ধুবড়ি জেলা বাংলাদেশ-সংলগ্ন হওয়ায় এ ঘটনাকে ঘিরে কিছু মহলে বাংলাদেশের নাম টেনে আনা হয়েছে। যদিও বাংলাদেশের সরকার বা কোনো সংস্থার পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে সীমান্তবর্তী অঞ্চলে এমন রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা দক্ষিণ এশিয়ায় সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
আসামের ধুবড়িতে সাম্প্রতিক সাম্প্রদায়িক উত্তেজনা এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ‘দেখামাত্র গুলির’ মতো বিতর্কিত নির্দেশ নাগরিক অধিকার, মানবাধিকার এবং সংবিধানিক শাসনব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচনের মুখে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য ও কার্যক্রম রাজনৈতিক মেরুকরণকেই ইঙ্গিত করছে বলে আশঙ্কা বিরোধীদের। ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে রাজনীতির এই প্রবণতা কেবল ভারতের অভ্যন্তরেই নয়, সার্বিক আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকেও এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

