জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের জিয়া চৌধুরীকে ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘানা সরকারের সম্মতিক্রমে এই নিয়োগ (২১ জুন) থেকে কার্যকর হয়েছে।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, জিয়া চৌধুরী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছেন। তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন।
জিয়া চৌধুরী তাঁর কর্মজীবন শুরু করেন বঙ্গোপসাগরের একটি দুর্যোগপ্রবণ দ্বীপে জাতীয় পর্যায়ের ফিল্ড অফিসার হিসেবে। এরপর তিনি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বয় ও নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি বেসরকারি সংস্থাগুলোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং মানবিক সহায়তার মান বজায় রাখা ও নীতিমালা প্রণয়নে অবদান রেখেছেন।
তিনি ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবসার ওপর ভিত্তি করে একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন। তিনি সুদান ও বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে তিনি ১,২০০ জনেরও বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দেন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন।
জিয়া চৌধুরী লন্ডনের সোয়াস (SOAS) থেকে ভূগোলে স্নাতক এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
জিয়া চৌধুরীর এই নিয়োগ বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং তাঁর অভিজ্ঞতা ঘানায় জাতিসংঘের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

