পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীর অবকাঠামোয় হামলার মামলায় জামিন পেয়েছেন। ২০২৩ সালের মে মাসে ইমরানের সমর্থকরা দেশটির সেনাবাহিনী সদর দফতরসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। এর আগে লাহোর হাইকোর্ট থেকে জামিন না পাওয়ায় তিনি সুপ্রিম কোর্টে দারস্থ হন।
সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে ইমরান বর্তমানে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় সেক্ষেত্রে তিনি তাৎক্ষণিকভাবে বাইরে যেতে পারছেন না।
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারানো ৭২ বছর বয়সী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেছে শেহবাজ শরীফ সরকার। ইমরান খানের পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতাকেও এসব মামলায় জড়িত করা হয়েছে।

