যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে পাল্টা জবাব আগের মতো সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। শুক্রবার ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সূত্র: আলজাজিরা
বক্তব্যে ইরানি সেনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে এবং সেই প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও দৃঢ়সংকল্পমূলক।
তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়, যা টানা ১২ দিন স্থায়ী ছিল। ওই যুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। সে সময় মার্কিন বিমানবাহিনী ইরানের চারটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় যুদ্ধবিমানবাহী রণতরীও ব্যবহার করা হয়। মার্কিন কর্তৃপক্ষ তখন হামলাকে সীমিত পরিসরের বলে উল্লেখ করেছিল।
এর জবাবে ইরানও সীমিত প্রতিক্রিয়া দেখায়। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ঘাঁটি আল-উদেইদের দিকে মিসাইল নিক্ষেপ করা হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে বলে সতর্ক করেছেন ইরানি সেনা মুখপাত্র। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ইরানের জবাব হবে দীর্ঘস্থায়ী এবং আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে না।
মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালানোর মতো ভুল হিসাব করে, তাহলে ট্রাম্প যেভাবে পরিস্থিতি কল্পনা করছেন সেভাবে কিছুই ঘটবে না। তিনি বলেন, এমনটি হবে না যে আকস্মিক হামলা চালিয়ে দুই ঘণ্টা পর টুইট করে জানানো হবে অভিযান শেষ।
ইরানি এই সেনা কর্মকর্তা আরো দাবি করেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে দুর্বল। তাঁর দাবি অনুযায়ী, ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ইরানের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

