যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে যৌন পাচার–কাণ্ডে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, এই অধ্যায় পেছনে ফেলে এখন যুক্তরাষ্ট্রের সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। (সূত্র: বিবিসি)
গত মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তার মতে দেশকে এখন অন্য গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে। এপস্টেইন–সংক্রান্ত অনিয়মের অভিযোগ তিনি আবারও নাকচ করেন। ট্রাম্পের ভাষায়, তার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত নথিতে ছয় হাজারের বেশি বার ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ রয়েছে। নথিগুলোতে এপস্টেইন ও তার সহযোগীরা ঘন ঘন ট্রাম্পের নাম এনেছেন।
ডোনাল্ড ট্রাম্প ও জেফরি এপস্টেইন দুজনই নিউইয়র্ক সিটি ও ওয়েস্ট পাম বিচের বাসিন্দা ছিলেন। জানা যায়, নব্বইয়ের দশকের বড় একটি সময়জুড়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
তবে ট্রাম্পের দাবি, দুই হাজার সালের শুরুর দিকেই সেই সম্পর্কের অবনতি ঘটে। গত ডিসেম্বরে প্রকাশিত একটি ইমেইলে ট্রাম্পের নাম উঠে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এদিকে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, কংগ্রেসে গত নভেম্বরে পাস হওয়া একটি আইনের আওতায় বাধ্যতামূলকভাবে এপস্টেইন–সংক্রান্ত সব নথি পর্যালোচনা শেষ করেছে সরকার। ওই পর্যালোচনায় নতুন করে মামলা করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি।
রোববার দেওয়া এক বক্তব্যে ব্ল্যাঞ্চ বলেন, এসব নথিতে বিপুল পরিমাণ চিঠিপত্র, ইমেইল ও ছবি রয়েছে। তবে সেগুলো কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার মতো প্রমাণ দেয় না।

