ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে ভারত। মঙ্গলবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবেন। সূত্র: দ্য হিন্দু
ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, চুক্তি কার্যকর হলে ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে ভারতীয় প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স।
হ্যামার ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি স্মার্ট এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র। ১৯৯৭ সাল থেকে এটি তৈরি করছে সাফরান। ‘হ্যামার’ শব্দটি হাইলি অ্যাগিল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জের সংক্ষিপ্ত রূপ। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং বিশেষ করে রাফাল যুদ্ধবিমানে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
প্রিসিশন-গাইডেড এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
চলতি ফেব্রুয়ারির শুরুতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের শেষের আগেই ১৮টি প্রস্তুত অবস্থায় বিমান পাবে ভারত। অবশিষ্ট বিমানগুলো ভারতে তৈরি হবে এবং তাতে ভারতীয় প্রযুক্তিও যুক্ত করা হবে।
২০২০ সালে প্রথমবারের মতো ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনে ভারত। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল রয়েছে।
এই রাফালগুলোতে ব্যবহারের উদ্দেশ্যেই হ্যামার ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিতে ভবিষ্যতে সামরিক খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তারের কথাও উল্লেখ রয়েছে।

