লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ সূচক প্রকাশ করেছে। নতুন প্রকাশিত তালিকায় বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ এগিয়েছে। সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স
সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম। এর আগে দেশটির অবস্থান ছিল ৯৫তম।
আগের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে আছে সুইডেন এবং সংযুক্ত আরব আমিরাত।
একটি দেশের নাগরিকরা তাদের পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন তার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৭টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল সুবিধা পান।
শক্তিশালী পাসপোর্টের দিক থেকে ইউরোপের বহু দেশ এগিয়ে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ।
পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া ও যুক্তরাজ্য।

