ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারত। গত ১৫ ফেব্রুয়ারি আরব সাগরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া নামের ট্যাংকারগুলো আটক করে ভারতীয় কোস্ট গার্ড। সূত্র: রয়টার্স
জব্দ হওয়া তিনটি জাহাজই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। আরব সাগরের ভারতীয় জলসীমায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল দেয় কোস্টগার্ডের প্রায় ৫৫টি জাহাজ এবং ১০ থেকে ১২টি হেলিকপ্টার ও বিমান। রোববার যে সমুদ্রাঞ্চল থেকে ট্যাংকারগুলো আটক করা হয়, সেখান থেকে মুম্বাই শহরের দূরত্ব প্রায় ১০০ নটিক্যাল মাইল, যেখানে এক নটিক্যাল মাইল সমান ১ দশমিক ৮৫ কিলোমিটার।
ট্যাংকারগুলো জব্দের পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছিল ভারতীয় কোস্টগার্ড। পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়।
এদিকে গতকাল এক বিবৃতিতে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি দাবি করেছে, আটক হওয়া তিনটি জাহাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, স্টেলার রুবি এবং আল জাফজিয়ার মালিকানা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এবং অ্যাসফল্ট স্টারের মালিক চীনভিত্তিক।
ট্যাংকারগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিষেধাজ্ঞা এড়াতে জাহাজগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করত।
ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দুই দেশের তেলবাণিজ্য নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছে। অনেক সময় সাগরপথে বিকল্প উপায়ে চীনে তেল পাঠানোর অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, আটক হওয়া জাহাজগুলোও চীনের দিকেই যাচ্ছিল।
বর্তমানে তিনটি ট্যাংকারকে মুম্বাই বন্দরে নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালানো হবে।

