মদ্যপান নিষিদ্ধের পর এবার বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নীতীশ কুমার সরকার।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা মঙ্গলবার জানিয়েছেন, জনস্বাস্থ্যের কারণে রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ বা মাংস কেনাবেচা করা যাবে না। নতুন বিধি কার্যকর হলে কেবল লাইসেন্সধারী বিক্রেতারাই নির্ধারিত নিয়ম মেনে এসব পণ্য বিক্রি করতে পারবেন।
উপমুখ্যমন্ত্রী বলেন, বিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন নিয়ম কখন থেকে কার্যকর হবে এবং শাস্তির মাত্রা কেমন হবে, তা এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারও ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই পথেই হাঁটল বিহার সরকার। প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
তিনি বলেন, বিহার সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। আমি জেলা শাসকদের অনুরোধ করব, তারা যেন এই নির্দেশ পালনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
এর আগে নীতীশ কুমারের সরকার রাজ্যে মদ্যপানও নিষিদ্ধ করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো জনসমক্ষে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা।

