যুক্তরাষ্ট্র মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে। স্থানীয় সময় বুধবার ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো এ তথ্য জানায়। সূত্র: এক্সিওস
এদিকে ইরান–এর পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের প্রাক্কালে এই সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে।
মোতায়েন করা যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে এফ-২২, এফ-৩৫ ও এফ-১৬ মডেল। এর সঙ্গে একাধিক আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও পাঠানো হয়েছে, যেগুলো মাঝআকাশে অন্যান্য বিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এক কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান আনা হয়েছে।
এর আগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ বিভিন্ন যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল মার্কিন বাহিনী। নতুন করে যুদ্ধবিমান পাঠানোয় সামরিক উপস্থিতি আরও জোরদার হলো।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে ইরান ঘিরে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

