যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর অভিবাসননীতির প্রতি জনসমর্থন কমে দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
রয়টার্স/ইপসোস–এর সাম্প্রতিক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে ইঙ্গিত পাওয়া যায়, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মার্কিন পুরুষ ভোটারদের মধ্যেও সমর্থন কমছে।
চার দিনব্যাপী জরিপটি গত সোমবার শেষ হয়। এতে অংশ নেওয়া মাত্র ৩৮ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের অভিবাসননীতিতে সন্তোষ প্রকাশ করেছেন। জানুয়ারিতে একই সংস্থার জরিপে এ হার ছিল ৩৯ শতাংশ। দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কয়েক মাস তাঁর এ ইস্যুতে সমর্থন ৫০ শতাংশ পর্যন্ত উঠেছিল।
২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অভিবাসী বিতাড়ন অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি বড় ধরনের চিরুনি অভিযান শুরু করার নির্দেশ দেন। বর্তমানে বিভিন্ন অঙ্গরাজ্যে মুখোশধারী কর্মকর্তাদের তৎপরতা ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা দেখা যাচ্ছে।
সর্বশেষ জরিপে দেখা গেছে, পুরুষ ভোটারদের মধ্যে এ নীতির প্রতি সমর্থন নেমে এসেছে ৪১ শতাংশে, যা গত বছর প্রায় ৫০ শতাংশের কাছাকাছি ছিল। নারী ভোটারদের মধ্যে সমর্থন কমে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে গত বছর তা ছিল প্রায় ৪০ শতাংশ।
গত সপ্তাহে মিনেসোটায় ব্যাপক বিক্ষোভের মুখে ট্রাম্প প্রশাসন বিতর্কিত অভিবাসী বিতাড়ন অভিযান স্থগিত করতে সম্মত হয়। সেখানে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ। সাম্প্রতিক সময়ে তা কমে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২৩–২৫ জানুয়ারির জরিপের সমান এবং এ মেয়াদে সর্বনিম্ন।
দেশজুড়ে অনলাইনে পরিচালিত এ জরিপে ১ হাজার ১১৭ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। জরিপের সম্ভাব্য ত্রুটির হার ধরা হয়েছে ৩ শতাংশ।

