বিদেশে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী প্রথম নারী কূটনীতিক লায়লা শহীদ ৭৬ বছর বয়সে দক্ষিণ ফ্রান্সে মারা গেছেন। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ তথ্য জানিয়েছে আলঅ্যারাবিয়া।
লায়লা শহীদের বোন জেইনা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘তিনি আজ মারা গেছেন।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে তার মৃত্যুর তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র একই বার্তা সংস্থাকে জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ শহীদ আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ফ্রান্সে ফিলিস্তিনি প্রতিনিধি হালা আবু-হাসিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনের প্রতীকী রাষ্ট্রদূত লায়লা শহীদ আমাদের ছেড়ে চলে গেছেন। এটি ফিলিস্তিন এবং ন্যায়বিচারে বিশ্বাসী বিশ্বের জন্য এক বড় ক্ষতি।’
১৯৪৯ সালে লেবাননে জন্ম নেওয়া লায়লা শহীদ বিদেশে ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-এর প্রতিনিধিত্বকারী প্রথম নারী ছিলেন।
কূটনৈতিক জীবনের শুরুতে তিনি আয়ারল্যান্ডে দায়িত্ব পালন করেন। পরে নেদারল্যান্ডসেও ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেন। এরপর ফ্রান্সে প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নেও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র : আলঅ্যারাবিয়া

